জমি দখল করে আ.লীগ নেতার ভবন নির্মাণ
বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে একজনের ৩৯ শতাংশ জমি অবৈধভাবে দখল করে আওয়ামী লীগের এক নেতা ভবন নির্মাণ করছেন। আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও ক্ষমতার দাপট দেখিয়ে তিনি নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের ওই নেতার নাম মো. জলিল মিয়া। তিনি বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সভাপতি। জলিল মিয়া জমি দখল করে ভবন নির্মাণ করার অভিযোগের আংশিক সত্যতা আছে বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে সম্প্রতি গৌরনদী থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে নির্মাণকাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার কিছুক্ষণ পরই জলিল মিয়ার লোকজন পুনরায় নির্মাণকাজ শুরু করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের মো. কামরুল ইসলামের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল মৌজার ৪৬০ নম্বর খতিয়ানের ৩৭, ৩৯ ও ৪০ নম্বর দাগে ৩৯ শতাংশ জমি আছে। কামরুল ইসলাম অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা জলিল মিয়া চলতি মাঠ জরিপের সময় ভুয়া কাগজপত্র তৈরি করে তাঁর ৩৯ শতাংশ জমি নিজ নামে রেকর্ড করে নেন। গত ১৫ নভেম্বর ওই জমিতে জলিল মিয়া ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ অবস্থায় কামরুল ইসলাম ১ ডিসেম্বর গৌরনদী সহকারী জজ আদালতে মামলা করেন। আদালতের বিচারক জমির ওপর স্থিতাবস্থা জারি করে জলিলকে কারণ দর্শানোর নোটিশ দেন। আদালতের নোটিশ জারিকারক মো. আবদুল মালেক ৩ ডিসেম্বর ঘটনাস্থলে এসে জলিলের সই নিয়ে তাঁকে নোটিশটি দিয়ে যান। বার্থী ইউনিয়ন ভূমি কার্যালয়ের ইউনিয়ন ভূমি সহকারী দেবপ্রিয় চ্যাটার্জী বলেন, এসএ রেকর্ডে জমির মালিক জলিলের বাবা মৃত মাজেদ মিয়া। মাজেদ মিয়ার মেয়ে সালেহা বেগমের অংশ (৩৯ শতাংশ) কামরুল ইসলাম কিনে নেন। সেই সূত্রে ওই জমির মালিক কামরুল। স্থানীয়রা জানান, আদালতের নোটিশ পাওয়ার পরেও জলিল মিয়া ১৫-২০ জন শ্রমিক নিয়ে দিন-রাত ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে কামরুল গৗরনদী থানায় অভিযোগ করলে পুলিশ গত শুক্রবার ঘটনাস্থলে এসে নির্মাণকাজ বন্ধ করে দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর শ্রমিকেরা পুনরায় কাজ শুরু করেন। গত শনিবার সরেজমিনে দেখা যায়, জলিল মিয়া ভবন নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ভবনের চারপাশের দেওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। আওয়ামী লীগের নেতা মো. জলিল মিয়া আদালতের নোটিশ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, কামরুলের জমিতে ভবন নির্মাণ করার অভিযোগের আংশিক সত্যতা আছে। প্রতিপক্ষের সঙ্গে বিষয়টি সমঝোতা করে নেওয়া হবে। তিনি বলেন, ‘বর্তমানে আমার জমিতে আমি কাজ করছি।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে ফিরে আসতে না আসতেই আওয়ামী লীগের ওই নেতার লোকজন ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু করেন।