জমি দখল করে আদিবাসীদের ভিটেছাড়া করছে ভূমিদস্যুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসীরা ভাষার দুর্বলতার কারণে ভয় পেয়ে অনেক সময় সরকারি কার্যালয়ে যেতে অনীহা প্রকাশ করে। ফলে ভূমি নামজারি ও উন্নয়ন কর-খাজনা দিতে সমস্যা হয়। ভূমিদস্যুরা ভয় দেখিয়ে আদিবাসীদের জায়গা দখল করে এদের জোরপূর্বক ভিটেছাড়া করছে। এ উদ্বেগজনক বিষয়টি সরকারকে গুরুত্ব দিয়ে অনুধাবন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আদিবাসীদের ভূমি সমস্যা সমাধান শীর্ষক মুক্ত আলোচনায় বক্তারা এসব কথা বলেন। পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক আদিবাসী নেতা গৌরাঙ্গ পাত্র। বক্তব্য দেন সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম, খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দুর রহমান, অধ্যাপক শরীফ আহমেদ, মাসুম আহমেদ, এনজিও কর্মকর্তা সমর সমাদ্দার, হাসান আহমেদ প্রমুখ। সমাপনী বক্তব্যে সিলেট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম বলেন, ‘সিলেট সদরের আদিবাসীদের ভূমি অফিসে এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করা হবে। কোনো কর্মকর্তার বিরুদ্ধে আদিবাসী জনগোষ্ঠীর লোকজনের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেলে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আদিবাসীদের জায়গাসংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।’