জমি দখল করে ও গাছ কেটে রাস্তা নির্মাণের অভিযোগ
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের দোয়ানী গ্রামের এক পরিবারের জমি দখল করে রাস্তা তৈরি করছেন প্রভাবশালী ব্যক্তিরা। এর দুই দিন আগে তাঁরা ওই জায়গার শতাধিক গাছ কেটে ফেলেন।এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, ওই গ্রামের সেন্টু আন্তনী ক্রুজ দীর্ঘদিন আগে তাঁর বাড়ির পশ্চিম দিকে পাঁচ-ছয় ব্যক্তির কাছে প্লট আকারে বেশ কিছু জমি বিক্রি করেন। ওই সব ক্রেতার মধ্যে তাঁর একজন নিকটাত্মীয়ও রয়েছেন। ক্রেতাদের মধ্যে চারজন বাড়ি করে বসবাসও করছেন। তাঁরা প্রথম থেকেই সেন্টু আন্তনী ক্রুজের জমির ওপর দিয়ে বাড়িতে যাতায়াত করতেন। কয়েক বছর ধরে জমির মালিকেরা তাঁর কাছে স্থায়ী আট ফুট প্রশস্ত একটি রাস্তার দাবি জানান। কিন্তু তিনি দিতে অস্বীকার করেন। সেন্টুর নিকটাত্মীয় সৌদিপ্রবাসী স্টেনলি রোজারিও সম্প্রতি দেশে আসেন। তিনি বৃহস্পতিবার সকালে এলাকার প্রভাবশালীদের ডেকে বাড়ির উত্তর পাশে ২০-২৫টি গাছ কেটে রাস্তার কাজ শুরু করেন। রাস্তার জন্য মাটিও সেন্টুর জমি থেকে কেটে আনেন। এ সময় ইউপি চেয়ারম্যান সিরাজ মিয়াও উপস্থিত ছিলেন। পরে সেন্টু তাঁদের পরিবারের লোকজন নিয়ে বাধা দেন। এ নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।শনিবার সকালে আবারও স্টেনলি রোজারিও, অপু নিকোলাস গমেজ, নিপু পল কস্তা ও জেমস রোজারিওর নেতৃত্বে লোকজন বাড়ির দক্ষিণ পাশে প্রায় আট ফুট প্রশস্ত করে এবং দ্বিতীয় দফায় ১৫-১৬টি গাছ কেটে রাস্তা তৈরি করেন। জমির মালিক সেন্টু আন্তনী ক্রুজ প্রথম আলোকে বলেন, স্টেনলি রোজারিও টাকাপয়সা দিয়ে এলাকার লোকজনকে হাত করে জোর করে রাস্তা তৈরি করছেন। স্টেনলি রোজারিও প্রথম আলোকে বলেন, ‘প্রায় ১২ বছর আগে আমার ভগ্নিপতি সেন্টুর কাছ থেকে জমি কিনেছি। তখন তিনি রাস্তা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু দেননি। তাই ভিন্ন উপায়ে রাস্তা নিচ্ছি।’ তবে রাস্তার ব্যাপারে তাঁর কাছে কোনো লিখিত আছে কি না, জানতে চাইলে তিনি কোনো কাগজ দেখাতে পারেননি।নাগরী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য অরুণ রোজারিও জানান, রাস্তা নেওয়ার জন্য যে খরচ হবে, তা সেন্টুকে দিয়ে দেওয়া হবে। তবে তাঁর রাস্তা করতে গিয়ে সেন্টুর গাছপালাসহ বেশ ক্ষতি করা হয়েছে, যা ঠিক হয়নি। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. বাতেন মিয়া জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া যায়নি।