জমি দখল করে ঘর তুলেছেন যুবলীগ নেতা
বরিশালের গৌরনদী পৌর শহরের টরকী বন্দরের সুন্দরদী এলাকায় আদালতের স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপি-সমর্থক এক ব্যবসায়ীর জমি দখল করে যুবলীগ নেতা ঘর তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুন্দরদী গ্রামের ব্যবসায়ী মো. হারুন-অর-রশিদ মিয়া টরকী বন্দরসংলগ্ন সুন্দরদী মৌজার বিভিন্ন দাগের ৯৪ শতক সম্পত্তি ক্রয়সূত্রে ৪০ বছর ধরে ভোগদখল করে আসছেন। কিন্তু গত ৭ নভেম্বর একই গ্রামের বাসিন্দা গৌরনদী উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. সলেমান হাওলাদার ওই জমি দখল করে সেখানে পাঁচটি টিনের ঘর তুলেছেন।মো. হারুন-অর-রশিদের ছেলে পান্না মিয়া বলেন, ‘সলেমান হাওলাদার প্রথম দিকে ওই জমি দখলের জন্য তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখান। একপর্যায়ে জাল কাগজপত্র তৈরি করে ওই জমি নিজেদের বলে দাবি করেন। গত ১৮ মার্চ সলেমান হাওলাদার লোকজন নিয়ে ওই জমি দখল করতে আসেন। এ সময় বাধা দেওয়ায় তাঁরা আমাদের মারধর করেন। এ বিষয়ে গৌরনদী থানায় লিখিতভাবে অভিযোগ দেওয়ার পর পুলিশ দখলদার উচ্ছেদ করে। পরে সলেমান একাধিকবার জমি দখলের চেষ্টা করেন। এসব বিষয়ে বরিশাল গৌরনদী সহকারী জজ আদালতে জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করি। আদালত দুবার অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়ার পর গত ১০ মে জমির ওপর স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু এই স্থায়ী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৭ নভেম্বর সলেমান হাওলাদার ৩০-৩৫ জন লোক নিয়ে ওই জমিতে তিনটি ঘর উত্তোলন করেন। পরদিন সকালে বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থল ঘুরে আসে কিন্তু দখলদার উচ্ছেদে কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে গত বুধবার আবার বরিশাল সহকারী জজ আদালতে উচ্ছেদের দাবিতে মামলা করা হয়েছে।গতকাল শনিবার সকাল ১০টার দিকে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই জমিতে ঘর তোলার কাজ অব্যাহত রয়েছে। একে একে পাঁচটি টিনের ঘর তোলা হয়েছে। সলেমান হাওলাদার বলেন, ‘আমি অবৈধ দখলদার নই, আমার বাবার নিলাম খরিদের মাধ্যমে আমিই ওই জমির বৈধ মালিক, বরং পান্না মিয়া অবৈধ দখলদার।’গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, রাতের আঁধারে জবরদখল করে ঘর তোলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়ে ফিরে আসতে না-আসতেই আবার কাজ শুরু করে। এ ব্যাপারে জমির মালিক পান্না মিয়াকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।