লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় যুবলীগের কয়েকজন নেতা-কর্মী অর্থের বিনিময়ে গত ফেব্রুয়ারি মাসে অন্তত নয়টি জায়গা দখল করে দিয়েছেন। সর্বশেষ একটি বাড়ি দখল করার সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়ে চক্রটি।
উপজেলার সোনাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য নূর নবী সবগুলো দখলে নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নূর নবী নিজেকে জেলা যুবলীগের বর্তমান কমিটির সদস্য দাবি করেন এবং সব অভিযোগ অস্বীকার করেন।
যুবলীগের নেতাদের দখল-বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতারা। তাঁরা প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পৌরসভার ভূঁইয়ার রাস্তা এলাকার জনতা বাজারে গত ২০ ফেব্রুয়ারি নূর নবীর নেতৃত্বে ২০-৩০ জন সশস্ত্র ভাড়াটে সন্ত্রাসী কৃষি ব্যাংকের কর্মকর্তা গিয়াস উদ্দিনদের জমি দখল করে। তারা কয়েকটি ফাঁকা গুলি করে। ভাঙচুর করে দুটি মোটরসাইকেল। বাধা দিলে বসতঘর ভাঙচুর করে। ওই সময় দুই নারীসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। একপর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ধাওয়া দিলে দখলকারীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলি উদ্ধার করে।
এ ঘটনায় গিয়াস উদ্দিনের ছোট ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে নূর নবীসহ ১০-১২ জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন।
গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা দাদার আমল থেকে প্রায় ৩০ শতাংশ জমিতে বসবাস করছি। কিন্তু এমরান হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে নূর নবী সন্ত্রাসীদের নিয়ে সেই জমি দখল করতে আসেন।’
এমরান হোসেন দাবি করেন, খরিদসূত্রে তিনি ওই জমির মালিক। দখলে গেলে গিয়াস উদ্দিনরা হামলা চালান।
১১ ফেব্রুয়ারি দিবাগত রাতে নূর নবীর নেতৃত্বে ৩০-৪০ জন ভাড়াটে সন্ত্রাসী পৌর শহরের পীরবাড়ির মো. খোকন ও শাহ আলমের দুটি টিনের ঘর ভেঙে জমি দখল করে।
খোকন জানান, মোসলিম উদ্দিন নামের এক ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা নিয়ে যুবলীগের দুর্বৃত্তরা তাঁর জমি দখল করে। তিনি খরিদসূত্রে ওই জমির মালিক।
মোসলিমও দাবি করেন, তিনিও খরিদসূত্রে ওই জমির মালিক।
১৫ ফেব্রুয়ারি যুবলীগের নেতা-কর্মীরা উপজেলার চরবংশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান সরকারের প্রায় ৩০ শতাংশ জমি দখল করে নেন। মান্নান সরকার বলেন, ‘নূর নবী ও শাকিলের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আমার জমি দখল করে। তারা হারুন জমাদ্দারের কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে ক্রয়কৃত সম্পদ থেকে আমাকে উচ্ছেদ করে।’
তবে হারুন জমাদ্দার বলেন, ‘সরকারের কাছ থেকে ইজারাসূত্রে আমি ওই জমির মালিক। মান্নান দীর্ঘদিন ধরে জোর করে ওই জমি দখল করে রাখছিলেন। পরে নূর নবীরা এসে আমাদের দখল বুঝিয়ে দেন।’
পরদিন ১৬ ফেব্রুয়ারি উপজেলার সোনাপুর গ্রামের সিকদার রাস্তার মাথার পারভিন আক্তারের ১৫ শতাংশ ও স্টিল ব্রিজের কাছের সমিল ব্যবসায়ী মোশারফ হোসেন ওরফে মানিকের ২১ শতাংশ জমি দখল করেন নূর নবী ও তাঁর লোকজন।
একই মাসে উপজেলার চরকাছিয়া গ্রামের হাবিবুর রহমান সিকদারের ২০ শতাংশ, মাওলানা নূর মোহাম্মদের এক একর, আবদুল আজিজের ২০ শতাংশ ও কাশেম ব্যাপারীর ২৫ শতাংশ জমি দখল করেন নূর নবী ও তাঁর সহযোগীরা।
ঘরবাড়ি হারানো হাবিবুর, নূর মোহাম্মদ ও কাশেম ব্যাপারী জানান, তাঁরা তাঁদের কেনা জমিতে বসবাস করছিলেন। প্রতিপক্ষ মো. হারুনের কাছ থেকে টাকা নিয়ে নূর নবী বিপুলসংখ্যক সন্ত্রাসী নিয়ে এসে তাঁদের উচ্ছেদ করেছেন। তাঁরা অভিযোগ করেন, নূর নবী ও তাঁর সঙ্গীরা গত পাঁচ বছরে অসংখ্য মানুষকে নিজেদের জমি থেকে উচ্ছেদ করেন।
এলাকাবাসী জানান, নূর নবীসহ যুবলীগের কয়েকজন নেতা-কর্মী দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে উপজেলার সর্বত্র দখল-বেদখলের কাজ করছেন। ওই চক্র রাতে অন্যের জমিতে ঘর তোলার পর জমির মালিকানা দাবি করে। পরে প্রকৃত মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে দফারফা করে। তবে ফেব্রুয়ারি মাসে দখল ও উচ্ছেদের ঘটনার পর কোনো দফারফা হয়নি।
জানতে চাইলে মো. নূর নবী বলেন, ‘ভূঁইয়ার রাস্তাসংলগ্ন জনতা বাজারের জমিটি আমরা কয়েকজন মিলে কিনেছি। সার্ভেয়ার নিয়ে দখল করতে গেলে প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর হামলা চালান। এ ছাড়া আমি আর কোনো দখলের সঙ্গে জড়িত নই।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন বলেন, ‘টাকার বিনিময়ে জমি দখল ও প্রকৃত জমির মালিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি শুনেছি। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আমরা প্রশাসনকে অনুরোধ করব, যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া হোক।’
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘দখলের বেশ কিছু ঘটনা শুনেছি। কয়েকটি স্থানে পুলিশও পাঠানো হয়েছে। এ ধরনের অপকর্ম ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। থানায় দুটি মামলা হয়েছে।’