জমি দখল করে দোকান নির্মাণ করছেন আ.লীগের নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের কালিহাতী উপজেলার নড়াগাতী থানার নড়াগাতী বাজারের ব্যবসায়ী লিটন সিকদারের জমি দখল করে থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বাদশা মোল্লা দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, লিটন সিকদার এ ব্যাপারে গত ১৪ নভেম্বর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন। আদালত জমিতে প্রবেশ, কোনো প্রকার ঘর-দরজা নির্মাণ কিংবা মাটির কাজ না করার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। পুলিশ আদালতের নির্দেশ মোতাবেক উভয় পক্ষকে নোটিশ জারি করার পরও বাদশা মোল্লা সে নির্দেশ উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রাখেন।নাম প্রকাশ না করার শর্তে বাজারের একাধিক ব্যবসায়ী জানান, পুলিশ এলে কাজ বন্ধ রাখে, চলে গেলে কাজ শুরু করে। কখনো রাতেও কাজ করে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা গেছে, বাদশা মোল্লা নিজে দাঁড়িয়ে থেকে নিষেধাজ্ঞা জারি করা দুটি জমিতে দোকানঘরের নির্মাণকাজ করাচ্ছেন। এ সময় বাদশা মোল্লা বলেন, ‘পুলিশ বাধা দেওয়ায় নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আমি বাজারের ডুমুরিয়া রামনগর মৌজার ১৪৩৩ দাগের ২০ বর্গমিটার খাস জমি সরকারের কাছ থেকে একসনা বন্দোবস্ত নিয়েছি। ওই জমিতেই নির্মাণকাজ করাচ্ছি। কারও জমি দখল করে ঘর নির্মাণ করছি না।’লিটন সিকদার বলেন, ‘আমার বাজারে ১৪৩৫ দাগে চার শতাংশ এবং ১৪৩৭ দাগে সাত শতাংশ পৈতৃক সম্পত্তি আছে। বাদশা মোল্লা জোরপূর্বক ওই জমি দখল করে ঘর নির্মাণ করছেন। তিনি প্রভাবশালী হওয়ায় কেউ তাঁর অন্যায় কাজের বিরোধিতা করতে পারে না। তিনি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন। পুলিশও কিছু বলছে না।’ জয়নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, লিটন সিকদারের জমি দখল করে বাদশা মোল্লা দোকানঘর নির্মাণ করছেন সত্য। তিনি প্রভাবশালী হওয়ায় কেউ তাঁর বিরোধিতা করেন না। জয়নগর ইউপি চেয়ারম্যান কাজী আইউব হোসেন বলেন, শুনেছি আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাদশা মোল্লা নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।নড়াগাতি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, বর্তমানে নির্মাণকাজ বন্ধ আছে। তার পরও নিষেধাজ্ঞা উপেক্ষা করে যদি নির্মাণকাজ অব্যাহত রাখে, দেখভালের বিষয়টি আদালতের।