জমি দখল করে মার্কেট করছেন আ.লীগ নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার গোডাউন বাজারে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন আওয়ামী লীগের দুজন নেতা। চার-পাঁচ দিন ধরে নির্মাণকাজ চললেও ভয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সাহস পাচ্ছেন না জমির মালিক। আর সওজও মার্কেট নির্মাণ বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। ব্যবসায়ীরা জানান, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মুজিবুল ইসলাম সরফি গত ২৮ জুলাই থেকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কসংলগ্ন গোডাউন বাজারে বিএস ৪৭১২ দাগে সওজের ১২ শতক এবং বিএস ৪৭০৮ দাগে মফিজুল ইসলামের ১৬ শতক জমি জোরপূর্বক দখল করে মার্কেট নির্মাণ করছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলীও একই সময়ে বাজারের পূর্ব পাশে বিএস ৪৭৩৭ দাগে সওজের ৬ শতক ও বিএস ৪৭২৩ দাগে মফিজুল ইসলামের ২০ শতক জমির একাংশ দখল করে দোকান নির্মাণ করছেন। সরেজমিনে দেখা যায়, গোডাউন বাজারে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক থেকে পদুয়া গোডাউন সড়কের প্রবেশমুখে পাঁচটি পাকা দোকান নির্মাণ শুরু করেছেন মুজিবুল ইসলাম সরফি। তিনি এর পাশ থেকে গোডাউন সেতুর গোড়া পর্যন্ত প্রায় ২০০ হাত দীর্ঘ ও ২০ হাত প্রস্থবিশিষ্ট জমি বাঁশের খুঁটি পুঁতে বেড় দিয়ে দখল করে রেখেছেন। আর বাজারের পূর্ব পাশে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে একটি বড় দোকানঘর নির্মাণ শেষ করেছেন মোহাম্মদ আলী।জমির মালিক মফিজুল ইসলাম জানান, ২০০৫ সালে তিনি ৪৭০৮ দাগের ১৬ শতক জমি কেনেন, যা দখল করে মুজিবুল ইসলাম সরফি মার্কেট নির্মাণের চেষ্টা করছেন। আর রেজিস্ট্রি বায়নামূলে বিএস ৪৭২৩ দাগের কেনা ২০ শতক জমির একাংশ দখল করেও মোহাম্মদ আলী দোকান নির্মাণ করেছেন। ক্ষমতাসীন দলের হওয়ায় মারধর ও হয়রানির ভয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারছেন না বলে তিনি জানান। এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে মুজিবুল ইসলাম সরফি সওজের জায়গায় মার্কেট নির্মাণের কথা স্বীকার করে বলেন, ‘গোডাউন বাজারে অনেক ব্যবসায়ী সওজের জায়গায় দোকানঘর নির্মাণ করে ২০-২৫ বছর ধরে যেভাবে ব্যবসা করে আসছে, আমিও সেভাবে মার্কেট করছি। তবে এতে ব্যক্তিমালিকানাধীন কোনো জমি আছে কি না আমার জানা নেই।’ মোহাম্মদ আলী বলেন, ‘সওজের কোনো জায়গায় আমি দোকান করিনি। ইদ্রিস নামের এক ব্যক্তির কাছ থেকে ওই জমি আমি কিনেছি।’ তবে ইদ্রিস বলেন, ‘ওই জমি সওজের। মোহাম্মদ আলীর কাছে আমি ওই জমির দখলস্বত্ব বিক্রি করেছি।’ রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরী বলেন, মুজিবুল ইসলাম সরফি ও মোহাম্মদ আলী উপজেলা আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগের নাম ভাঙিয়ে তাঁরা গোডাউন বাজারে দখলবাজি করছেন। দলের মঙ্গল চাইলে তো তাঁরা এ কাজ করতেন না। সওজের চট্টগ্রাম কার্যালয়ের উপনির্বাহী প্রকৌশলী জুলফিকার আলী বলেন, গত রোববার সরেজমিনে গিয়ে গোডাউন বাজারে সওজের জায়গায় নির্মাণকাজে বাধা দেওয়া হয়েছে। কিন্তু বাধা উপেক্ষা করে দখলদারেরা মার্কেট নির্মাণ করছেন। তাই তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভির আজম সিদ্দিকী বলেন, গত সোমবার দুপুরে পুলিশ পাঠিয়ে মার্কেট নির্মাণে বাধা দেওয়া হয়েছে। দখলদারদের উচ্ছেদে শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।