জমি দখল করে মার্কেট নির্মাণের কথা অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে জমি দখল করে মার্কেট (বিপণিবিতান) নির্মাণের অভিযোগ নাকচ করেছে পৌরসভা কর্তৃপক্ষ। গতকাল রোববার সকাল ১০টায় নির্মাণাধীন ওই মার্কেটের সামনে এক সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম। লিখিত বক্তব্যে মেয়র বলেন, জমিটি ভুয়া কাগজপত্র তৈরি করে নিজেদের বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দা মৃত আজিম উদ্দীনের লোকজন। বাস্তবে এ জমির এসএ এবং আরএস রেকর্ড সরকারের নামে রয়েছে।
গাংনী পৌরসভার বাজার বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকার এ জমিতে সম্প্রতি পৌরসভা বিপণিবিতান নির্মাণ শুরু করে। তবে ১৯ ফেব্রুয়ারি সকালে আজিম উদ্দীনের সাত ছেলেসহ পরিবারের অন্যরা সেখানে গিয়ে নির্মাণকাজে বাধা দেন।
পরিবারটির দাবি, বাংলা ১৩৪২ সনে জমিটি বন্দোবস্ত নিয়ে তারা স্বত্ববান ও দখলি হয়। কিন্তু এসএ রেকর্ডে ভুলক্রমে সেটি সরকারের নামে রেকর্ড হয়। এর বিরুদ্ধে আদালতে মামলা করে তারা ডিক্রিপ্রাপ্ত হয়। পরে সরকারপক্ষ মামলা করলেও তা নাকচ হয়ে গেছে। বর্তমানে হাইকোর্টে মামলা চলছে।