জমি দখল করে যুবলীগ নেতাদের ভবন নির্মাণ
পুলিশ ও স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করছেন যুবলীগের স্থানীয় প্রভাবশালী দুই নেতা।এ ঘটনায় মাহিলাড়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে বুধবার থানায় একটি মামলা করেছেন। এরপর বৃহস্পতিবার খাসজমিতে সাইনবোর্ড লাগাতে গেলে যুবলীগের ওই দুই নেতা ও তাঁদের সমর্থকেরা সহকারী ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত ও বিক্ষোভ করেন।মফিজুর রহমান জানান, গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর নির্দেশে তিনি খাসজমিতে সাইনবোর্ড লাগাতে গেলে যুবলীগের ওই দুই নেতা ও তাঁদের লোকজন বাধা দেন এবং সাইনবোর্ড উঠিয়ে ফেলে দেন। একপর্যায়ে তাঁকে লাঞ্ছিত করেন এবং উল্টা তাঁর বিরুদ্ধে মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ভূমি অফিস, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশোকাঠি মৌজার পাঁচটি দাগে ১৬ শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক ব্যবসায়ী কাবুল সরদার। ওই দাগে ৮ শতাংশ সরকারি খাসজমিও রয়েছে। কাবুল সরদার দাবি করেন, তিনি ২০ বছর ধরে ওই সম্পত্তি ভোগদখল করে আসছেন। একই দাগে তাঁর জমির পাশেই সরকারি জমি পরিত্যক্ত অবস্থায় ছিল। কিছুদিন আগে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম ফিরোজ রহমান এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জামাল হোসেন লোকজন নিয়ে তাঁর ৮ ও সরকারি ৮ শতাংশ জমি দখল করে ছয়টি পাকা দোকানঘর নির্মাণের কাজ শুরু করেন। এ ব্যাপারে তিনি গৌরনদী থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর ১৫ জানুয়ারি পুলিশ ঘটনাস্থলে এসে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু পুলিশের বাধা উপেক্ষা করে তাঁরা নির্মাণকাজ অব্যাহত রাখেন। পরে তিনি ২০ জানুয়ারি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করেন। ইউএনও বুধবার বিকেলে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভবন নির্মাণকাজ বন্ধ করে দেন। যুবলীগের নেতা এস এম ফিরোজ রহমান ও জামাল হোসেন জমি দখলের অভিযোগ অস্বীকার করেন। তাঁরা বলেন, অভিযোগকারী কাবুল সরদারের দাদা মৃত তৈজদ্দিন সরদারের কাছ থেকে আমরা স্ট্যাম্পে চুক্তি করে জমি নিয়েছিলাম। ওই জমিতেই দোকানঘর নির্মাণ করছি। তবে এই জমির কিছু অংশে সরকারি জায়গা রয়েছে।