জমি দখলমুক্তির দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের কোর্ট এলাকায় সরকারের কাছ থেকে ইজারা নেওয়া একটি জমির দখলমুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে তাঁরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বয়ে কলেজ প্রাঙ্গণ থেকে সকাল সাড়ে নয়টায় বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, উপাধ্যক্ষ রবিউল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক আবদুল্লাহ ইউসুফ, সহকারী অধ্যাপক ওবাইদুল হক, জালাল উদ্দিন, প্রভাষক হাসানুজ্জামান, আহসান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষক প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এতে বলা হয়, ১৯৮৮ সালে তৎকালীন জেলা প্রশাসক হড়গ্রাম মৌজার জমিটি কলেজের নামে ইজারা দেন। ইজারার অর্থ পরিশোধ করে আসছেন তাঁরা। কিন্তু মো. কামরান নামের এক ব্যক্তি সেখানে ‘ক্রয়কৃত সম্পত্তি’ বলে সাইনবোর্ড স্থাপন করে বালু ভরাট করছেন। তাঁকে সহযোগিতা করছেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মো. শওকত আলী।
অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান বলেন, ইজারা নেওয়ার পর থেকে প্রায় সোয়া দুই বিঘার ওই জমিটি পড়েই ছিল। যখন যে ইচ্ছা ব্যবহার করতেন। বর্তমানে কলেজ কর্তৃপক্ষ একটি মহিলা হোস্টেল করার চিন্তাভাবনা করছে। এ জন্য জমিটি প্রয়োজন। কিন্তু তা দখলের চেষ্টা চলছে।
তবে বিএনপির নেতা শওকত আলী বলেন, ‘মৃত রুস্তম আলীর ওই জায়গাটি ৩৭ বছর ধরে ইজারা নিয়ে আমি মাছ চাষ করে আসছিলাম। তার পাশের জায়গাটি আমার। সম্প্রতি তাঁর উত্তরসূরিরা জায়গাটি ভরাট করছেন। জমির সব কাগজপত্রও তাঁদের আছে। সেখানে আমার সম্পৃক্ততা নেই। বরং কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের উসকানি দিয়ে মিছিল করাচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত সত্য সবার সামনে তুলে ধরা উচিত।’