জমি দখলে বাধা, বন কর্মকর্তাকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়ায় বন বিভাগের প্রায় ৫০ একর জমি অবৈধভাবে দখল করে প্রভাবশালীরা চিংড়িঘের করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গত ২৬ এপ্রিল স্থানীয় রুহুল আমিন ও নাছির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ায় বন বিভাগের এক কর্মকর্তাকে তাঁরা চাকরিচ্যুত ও প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগে জানা যায়। গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০১ সালের জোট সরকার ক্ষমতায় আসার পর কক্সবাজার-২ আসনের সাবেক সাংসদ আলমগীর মাহফুজউল্লাহসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি প্যারাবন নিধন করে বন বিভাগের সোনাদিয়া মৌজার প্রায় এক হাজার ৫০০ একর জমি অবৈধভাবে দখল করে নেন। বন বিভাগ তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রায় ৮০০ একর জমি দখলদারদের কাছ থেকে উদ্ধার করে। গত ২৪ এপ্রিল রুহুল আমিন ও নাছির উদ্দিনসহ কয়েকজন ব্যক্তি এই মৌজার প্রায় ৫০ একর জমি অবৈধভাবে দখল করতে যান। কিন্তু পুলিশের বাধার মুখে তাঁরা বন বিভাগের এ জমি দখল করতে পারেননি। এ ঘটনায় সোনাদিয়া বিট কর্মকর্তা মতিলাল নাথ প্রভাবশালী রুহুল আমিন ও নাছির উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিট কর্মকর্তা মতিলাল নাথ জানান, বেশ কয়েকবার চেষ্টা করেও প্রভাবশালীরা বন বিভাগের জায়গা দখল করতে পারেনি। এতে তাঁরা ক্ষিপ্ত হয়ে তাঁকে চাকরিচ্যুত করার ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লিখিতভাবে জানিয়েছেন।রুহুল আমিন, নাছির উদ্দিনসহ অভিযুক্ত ১৫ জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী বলেন, বন বিভাগের দায়ের করা অভিযোগের তদন্ত চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, বন বিভাগের জায়গা ফের দখল করার চেষ্টা করলে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।