জমি দখলে ‘ভুয়া মেজরের’ অপকৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ধানি জমি ও বসতবাড়ি দখল করার জন্য ভুয়া মেজর তোফাজ্জেল আমার ও আমার স্ত্রীর নামে ১৪টি মিথ্যা মামলা দেছে। শুধু আমার নামে নয়, সে অনেকের নামে মামলা দেছে।’এই অভিযোগ ঝালকাঠির রাজাপুর উপজেলা সদর ডিগ্রি কলেজের পেছনের বাসিন্দা আবদুল খালেকের। তিনি অভিযোগ করে বলেন, ‘তোফাজ্জেল আমার এক একর ৮৫ শতাংশ জমি দখল করে নিছে।’তোফাজ্জেল হোসেন রাজাপুর উপজেলার সাঙ্গর গ্রামের আহম্মদ আলীর ছেলে। তিনি দাবি করেন, ১৯৭৭ সালে তিনি সেনাবাহিনীর শিক্ষা কোরে ওয়ারেন্ট অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ১৯৯৭ সালে অবসর গ্রহণের পর রাজাপুর সদরে ব্যবসা শুরু করেন।ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রতিপক্ষের সঙ্গে সামান্য তর্কাতর্কি বা হাতাহাতির ঘটনা ঘটলেই তোফাজ্জেল হোসেন থানায় মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করেন। এভাবে মামলা দিয়ে তিনি জমি দখল করেন। এই অভিযোগের ভিত্তিতে থানাসহ বিভিন্ন স্থান থেকে প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানিসংক্রান্ত তোফাজ্জেলের ১২টি মামলার কাগজপত্র পাওয়া গেছে।এসব মামলার কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, এর মধ্যে নয়টি মামলার বাদী তোফাজ্জেল হোসেন নিজে। দুটির বাদী তাঁর ছেলে আহসান হাবিব রুবেল ও একটির বাদী তোফাজ্জেলের স্ত্রী হোসনে আরা বেগম। এসব মামলায় ১৪২ জনকে আসামি করা হয়েছে।একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, তিনি জমি দখল করেই ‘অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা তোফাজ্জেলের জমি’ লিখে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। রাজাপুরে তাঁর প্রায় ১৫ বিঘা জমি রয়েছে, যার মধ্যে অর্ধেকই মামলা দিয়ে দখল করা হয়েছে।তোফাজ্জেল রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হোসেন আলীসহ তাঁর পরিবারের চারজনের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হোসেন আলী অভিযোগ করে বলেন, ‘আমার মেয়ে শিউলী বেগম আদর্শপাড়ায় ৯ শতাংশ জমি কিনেছিল। ওই জমি দখল করার জন্য তোফাজ্জেল আমিসহ আমার দুই ছেলে, এক মেয়ে ও জামাতার নামে তিনটি মিথ্যা মামলা করেন। গত ২ জুলাই ভোরে ওই জমি দখল করার জন্য তোফাজ্জেল তাঁর দলবল নিয়ে আমার স্ত্রী ও মেয়ের ওপর হামলা চালান।’এ ঘটনায় বৃহস্পতিবার হোসেন আলীর মেয়ে শিউলী বেগম তোফাজ্জেল হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে রাজাপুর থানায় মামলা করেন। গত শুক্রবার তোফাজ্জেল হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়।আদর্শপাড়ার বাসিন্দা বিধবা ফরিদা ইয়াসমিন তোফাজ্জেলের নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য জুন মাসে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।আবেদনে ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন, তাঁর স্বামী আবদুল আজিজ হাওলাদার ১৯৯৬ সালে মারা যাওয়ার আগে রাজাপুর সদরে ৯ শতাংশ জমি কেনেন। ৪ এপ্রিল তোফাজ্জেল হোসেন তাঁর ওই বসতবাড়ির অর্ধেক কাঁটাতারের বেড়া দিয়ে দখল করে নেন। তিনি বলেন, ‘এ জন্য তোফাজ্জেল আমি ও আমার ছেলের বিরুদ্ধে দুটি মিথ্যা মামলাও দায়ের করে।’সরেজমিনে ফরিদা বেগমের জমিতে কাঁটাতারের বেড়া ও তোফাজ্জেলের সাইনবোর্ড দেখা গেছে।রাজাপুর উপজেলা ডিগ্রি কলেজের পেছনে ২৬ শতাংশ জমি দখলের জন্য তোফাজ্জেল ওই জমির মালিক বিধবা হাজেরা বেগমকে খুন করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে হাজেরা খুন হন। এক বছর তদন্ত শেষে ঝালকাঠি পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক আবদুল লতিফ ২০০৮ সালের ১০ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বর্তমানে ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে বিচারাধীন।তোফাজ্জেল হোসেন দাবি করে বলেন, ‘ফরিদা ইয়াসমিনের জমি তিনি দখল করেননি। তিনি যে জমিতে কাঁটাতারের বেড়া দিয়েছেন, তা ২৬ বছর আগে তিনি কিনেছেন। ফরিদা ইয়াসমিনও একই মালিকের কাছ থেকে কিছু জমি কিনেছেন। কিন্তু দখলে নিয়েছেন বেশি। আমাকে জব্দ করার জন্য ওই মহিলা বিভিন্ন স্থানে মিথ্যা অভিযোগ দিয়েছেন।’জমি দখলের জন্য বিভিন্ন লোকের নামে মামলা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যেসব অভিযোগে মামলা দিয়েছি, তার প্রতিটি ঘটনা সত্য।’তোফাজ্জেল দাবি করেন, ‘আমি কোথাও নিজেকে মেজর পরিচয় দিইনি। লোকজন আমাকে মেজর বলে ডাকে।’হাজেরা বেগম হত্যা মামলা বিষয়ে তোফাজ্জেল বলেন, ‘আমি এ ঘটনায় জড়িত নই।’ তিনি অভিযোগ করে বলেন, ‘ডিবি পুলিশের উপপরিদর্শক আবদুল লতিফ আমার কাছে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় আমার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে।’ডিবির উপপরিদর্শক আবদুল লতিফ তোফাজ্জেলের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন বলেন, ‘আমি এ থানায় যোগদানের পর লোকজনের মুখে তোফাজ্জেলের বিরুদ্ধে অনেক অভিযোগে শুনেছি। ৬ অক্টোবর সর্বপ্রথম শিউলী বেগম তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের করলে তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।’