জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের তেলিবিল গ্রামে এক সরকারি কর্মচারীর জমি দখল করে গৃহ নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জাল দলিল তৈরি করে এ জমি দখল করা হয় বলে ওই সরকারি কর্মচারী জানান। শুক্রবার সেখানে অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। সিলেটের বিয়ানীবাজার উপজেলা ভূমি অফিসে কর্মরত তহশিলদার আবদুল হান্নান অভিযোগ করে বলেন, তিনি পাঁচ বছর আগে চাচাতো বোন রামেধা বেগমের কাছ থেকে ১২ শতক ধানি জমি কেনেন। জমিতে তাঁর লোকজন নিয়মিত ধান চাষ করছিলেন। তিন বছর আগে তাঁর চাচাতো ভাই শামছুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম একটি জাল দলিল তৈরি করে এই জমি আশিক মিয়ার কাছে বিক্রি করেন। আশিক গত শুক্রবার ৫০-৬০ জন সশস্ত্র লোক নিয়ে এসে ওই জমি দখল করেন। এর আগে আশিক জমির মালিক দাবি করে মৌলভীবাজার জজ আদালতে মামলা করেন। ১৯ মার্চ আদালতের রায়ে হান্নান জমির মালিক হয়েছেন। এ ঘটনায় গত সোমবার কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শঙ্কর নন্দী মজুমদার সরেজমিনে গিয়ে উভয় পক্ষকে জমিতে কোনো ধরনের কাজ করতে নিষেধ করেন। কিন্তু এর পরও আশিক কাজ করছেন।সরেজমিনে গতকাল মঙ্গলবার গিয়ে দেখা যায়, পুলিশি নিষেধাজ্ঞার পরও আশিক লোকজন নিয়ে জমিতে মাটি ভরাটের কাজ করছেন। ঘটনাস্থলে আশিকের সঙ্গে দেখা হলেও তিনি এ ব্যাপারে কথা বলতে রাজি হননি। তবে তাঁর আত্মীয় পরিচয় দিয়ে বারিক মিয়া বলেন, রাবেয়ার কাছ থেকে ক্রয় সূত্রে আশিক জমির মালিক হয়ে দখল নিয়ে ঘর নির্মাণ করছেন। এ বিরোধ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে সামাজিক বৈঠকে বসলেও হান্নান জমির কোনো কাগজ দেখাতে পারেননি। তবে গতকাল ঘটনাস্থলে হান্নানের পক্ষে জমির মালিকানাসংক্রান্ত দলিল ও আদালতের রায়ের কাগজ দেখানো হলেও আশিক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। শরীফপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, গ্রামের মুরব্বিদের উপস্থিতিতে আগামী ১ মার্চ সামাজিক বৈঠকে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শঙ্কর নন্দী মজুমদার জানান, উভয় পক্ষকে ওই জমিতে কাজ করতে নিষেধ করা হয়েছে। কেউ যদি সেখানে কাজ শুরু করেন, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।