অন্য কারও জমি জোর করে দখলের অভিযোগ অস্বীকার করেছেন খুলনার দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। তিনি দাবি করেন, নিজের জমিতে তিনি আইন মেনেই ভবন নির্মাণ করছেন।
২১ মে চেয়ারম্যানের বিরুদ্ধে ওই এলাকার হরিদাস মণ্ডল নামের এক ব্যক্তি খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁর জমি জোর করে দখলের অভিযোগ করেন। ওই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান যে জমিতে ভবন নির্মাণ করছেন, তা নিয়ে মামলা চলছে। আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণ বন্ধ করে যার যার অবস্থানে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু আবুল হোসেন তা না মেনে ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন।
হরিদাস মণ্ডলের ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে ও নিজের অবস্থান ব্যাখ্যা দিয়ে গতকাল সোমবার দাকোপ উপজেলা পরিষদে সংবাদ সম্মেলন করেন শেখ আবুল হোসেন। ওই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ১৯৮৬ সালে ওই সম্পত্তি তিনি চালনা গ্রামের গৌর হরির কাছ থেকে কিনেছেন। সেই থেকে নিয়মিত ওই জমির খাজনা পরিশোধ করে আসছেন। সর্বশেষ প্রকাশিত বিএস খতিয়ানে ওই সম্পত্তি তাঁর নামে ভবনসহ রেকর্ডভুক্ত হয়েছে।
চেয়ারম্যান আরও দাবি করেন, অভিযোগকারী হরিদাস মণ্ডল কস্মিনকালেও ওই সম্পত্তির মালিক ছিলেন না। তিনি খুলনা সহকারী জজ আদালতে মামলা করে পরাজিত হয়েছেন। যুগ্ম জেলা জজ আদালতেও আপিল করে পরাজিত হয়েছেন। সর্বশেষ হরিদাস মণ্ডল ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে পুনর্বিবেচনার জন্য আবেদন করলে আদালত এক বছরের স্ট্যাটাসকো (স্ব-স্ব অবস্থানে থাকার নির্দেশ) দেন। আইনজীবীদের মাধ্যমে তিনি ওই মামলা পরিচালনা করছেন। সুতরাং আদালতের নির্দেশনার অপব্যাখ্যা দিয়ে জমি দখল এবং হরিদাস মণ্ডলের পরিবারের সদস্যদের মারধর ও হত্যার হুমকি দেওয়ার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যানের ওই সংবাদ সম্মেলনের কথা তুলে ধরে হরিদাস মণ্ডলের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ওই জমির খাজনা তিনি কখনো পরিশোধ করেননি, এটা সত্য। তবে আরএস খতিয়ানে জমিটি ভুল রেকর্ডভুক্ত করা হয়েছে। যাঁদের কাছে জমিতে ফসল করার জন্য বাবা ও কাকারা দিয়েছিলেন, তাঁরাই ভুয়া দলিল করে রেকর্ডভুক্ত করেছেন।