জমি দখলের অভিযোগে নোটিশ আদিবাসী-বাঙালিরা আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদমে দখল করা জমিতে অবৈধভাবে ফসল উত্পাদনের অভিযোগ এনে স্থানীয় বেশ কিছু লোককে নোটিশ দেওয়া হয়েছে। তাদের তিন থেকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এতে ব্যর্থ হলে জমিতে উত্পাদিত ফসল জব্দ, গ্রেপ্তার, অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে। বদলি হয়ে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ নোটিশ জারি করেন।নোটিশ পাওয়া আদিবাসী ও বাঙালিরা আতঙ্কে রয়েছে। তবে নতুন যোগদানকারী ইউএনও নওয়াব আসলাম হাবিব বলেছেন, সম্প্রতি বদলি হয়ে যাওয়া ইউএনওর দেওয়া ওই নোটিশ কার্যকর করা হবে না এবং কারও ভয় পাওয়ার কোনো কারণ নেই।নোটিশ পাওয়া ব্যক্তিরা জানান, ৩১ জানুয়ারি স্বাক্ষর করা ইউএনও মোহাম্মদ হোসেন ভূঁইয়ার নোটিশ তাঁদের কেউ এক সপ্তাহ আগে, কেউ পাঁচ দিন আগে পেয়েছেন। ৫০ থেকে ৬০ জন ব্যক্তিকে এ নোটিশ দেওয়া হয়েছে বলে তাঁরা জানান। তবে ইউএনওর দপ্তর সূত্র জানায়, ২০ থেকে ২৫ জনকে নোটিশ দেওয়া হয়েছে।ছনম কারবারি অভিযোগ করেন, ‘ইউএনওর সঙ্গে যোগসাজশ করে হেডম্যানরা (মৌজা প্রধান) বহিরাগত ব্যক্তিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তাঁদের জমি দেওয়ার জন্য এ কাজ করেছেন।’ তাঁরা এখন আতঙ্কে রয়েছেন বলে ছনম, সতিরাং, সাথিচন্দ্র ত্রিপুরাসহ আরও অনেকে জানিয়েছেন।তবে তৈনফা মৌজার হেডম্যান রেনপুং ম্রো অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘মৌজার কারা জুমের খাজনা দিচ্ছে না, তা জানিয়ে ইউএনওর কাছে আমি একটি প্রতিবেদন দিয়েছি। এ ছাড়া আমি আর কোনো কিছু জানি না।’বদলি হয়ে যাওয়া ইউএনও মোহাম্মদ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘হেডম্যানদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে যারা অবৈধভাবে সরকারি জমি ব্যবহার করছে, অথচ কর দিচ্ছে না, তাদের চিহ্নিত করতে নোটিশ দেওয়া হয়েছে।’ তিনি দাবি করেন, উপজেলা ভূমি ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে তিনি ওই ধরনের নোটিশ দিতে পারেন।আলীকদমের নতুন ইউএনও নওয়াব আসলাম হাবিব বলেন, ‘কয়েকজন হেডম্যানের সঙ্গে কারও কারও বিরোধ থাকতে পারে। যাদের সঙ্গে বিরোধ রয়েছে, তাদের শায়েস্তা করার জন্য হয়তো বিরূপ প্রতিবেদন দিয়ে বদলি হওয়া ইউএনওকে এ রকম নোটিশ দিতে প্রভাবিত করা হয়েছে। নোটিশ কার্যকর করা হবে না। তাই এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই।’