জমি দখলের আশঙ্কায় রংপুর জিলা স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন

রংপুর জিলা স্কুলের জমি দখল হতে পারে—এ আশঙ্কা করে আন্দোলনে নেমেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১০টার দিকে তারা স্কুলের সামনে রংপুর নগরের প্রধান সড়কে মানববন্ধন করেছে। পরে তারা জমি রক্ষার দাবি জানিয়ে বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেয়।
শিক্ষার্থীরা জানায়, কাউকে না জানিয়ে রংপুর জিলা স্কুলের সীমানাপ্রাচীর ঘেঁষে জেলা পরিষদের পক্ষ থেকে ‘বঙ্গবন্ধু চত্বর’ নামে একটি সাইনবোর্ড ঝোলানো হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুলের জমি দখল হওয়ার আশঙ্কা ছড়িয়ে পড়ে। তাই সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা আজ প্রায় দুই ঘণ্টা মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য দেন জিলা স্কুলের সাবেক ছাত্র ও আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক আনিসুল হক, আওয়ামী লীগের নেতা সাজেদুর রহমান, সাবেক শিক্ষার্থী আসিফ কেনান, মেরাজুল ইসলাম, তাহের আলী, রংপুর জিলা স্কুল স্টুডেন্ট কেবিনেট প্রতিনিধি মাহির ফয়সল প্রমুখ। এতে সংহতি জানান মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান।
বক্তারা বলেন, এ জিলা স্কুলের রয়েছে গৌরবময় ইতিহাস। ব্রিটিশবিরোধী অন্যতম নেতা প্রফুল্ল চাকী এখানে পড়া অবস্থায় আন্দোলনে সক্রিয় হন। ১৮৩২ সালে স্থাপিত এই স্কুল থেকে পাস করে বিশিষ্টজনেরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই স্কুলের খেলার মাঠও ঐতিহ্য ধারণ করে চলেছে। এর স্বাভাবিক সৌন্দর্য ধরে রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। অথচ একটি কুচক্রী মহল বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে রংপুর জিলা স্কুলের জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে।
বক্তারা স্কুল মাঠের জমি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রশাসনের কাছে দাবি জানান।
একই দাবিতে মানববন্ধনে আগামী ১১ এপ্রিল রংপুর জিলা স্কুলে সাবেক শিক্ষার্থীদের মতবিনিময় সভার কর্মসূচি ঘোষণা করা হয়। সেখানে পরবর্তী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ বি এম মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, স্কুলের সীমানা নিয়ে একটি জটিলতা তৈরি হয়েছে। চিকিৎসার জন্য ভারতে যাওয়ার আগে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে জটিলতা নিরসনে কথা হয়েছিল। বিষয়টি জেলা প্রশাসককেও অবহিত করা হয়। কিন্তু এরপরও বিষয়টি সমাধান হয়নি। তিনি এ ঘটনার জন্য জেলা পরিষদকে দায়ী করেন।
এ ব্যাপারে রংপুর জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন বলেন, ২১ ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের এক মতবিনিময় সভায় বঙ্গবন্ধু চত্বর করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ জন্য জিলা স্কুলের সীমানা প্রাচীর ঘেঁষে ‘বঙ্গবন্ধু চত্বর’ নাম সংবলিত একটি সাইন বোর্ড ঝোলানো হয়েছে। তবে এটা জিলা স্কুলের জমি দখলের জন্য নয়। একটি কুচক্রী মহল জিলা স্কুলের জমি দখলের অপপ্রচার চালাচ্ছে।