জমি দখলের চেষ্টা, ভাস্কর্য ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে জমি দখলের জন্য একটি চক্র ধুনট সমন্বিত উন্নয়ন প্রকল্প (ডিআইডিপি) নামের একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ের সামনের চারটি ভাস্কর্য ভেঙে দিয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আশির দশকে ধুনটে ডিআইডিপির কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাটি উপজেলার মাটিকোড়া গ্রামের জামাত আলীর কাছ থেকে ২৫ শতক জমি দানপত্রে দলিল করে নেন। পরে সংস্থাটি সেখানে কার্যালয় নির্মাণ করে। ২০০১ সালে দুই লাখ টাকা ব্যয়ে কার্যালয়ের প্রধান ফটকে ধুনট-মথুরাপুর রাস্তার পাশে পাথর দিয়ে একটি গাভি ও এর বাচ্চাসহ দুজন রাখালের চারটি ভাস্কর্য তৈরি করা হয়। দুই বছর আগে জমিদাতা জামাত আলী মারা যান। গতকাল সকালে দেলবার হোসেন ও তাঁর ছেলে আতিকুর রহমান লোকজন নিয়ে জায়গা দখল করতে যান। তাঁরা ভাস্কর্যগুলো ভেঙে দেন। এ ঘটনায় ডিআইডিপির অফিস সহকারী নবাব আলী দেলবার ও আতিকুর রহমানসহ আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

আতিকুর রহমান বলেন, ‘আমার দাদা ডিআইডিপির নামে দলিল করে দিয়েছেন। কিন্তু বর্তমানে এখানে তাদের কোনো কার্যক্রম নেই। এ কারণে আমাদের জায়গা আমরা দখল করতে ভাস্কর্য ভেঙে দিয়েছি।’

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।