জমি দখলের প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজের হেফাজতে থাকা প্রায় দুই একর অর্পিত সম্পত্তি বেদখল করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
গতকাল রোববার ঢাকা-আরিচা মহাসড়কে সাভার উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে তাঁরা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষ হওয়ার পর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লার নির্দেশে উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তারা অবৈধ দখলদারদের সাইনবোর্ড অপসারণ করে দেন। এর কিছুক্ষন পর সেখানে আবারও সাইনবোর্ড পুঁতে দেন দখলদারদের পক্ষের লোকজন।
সমাবেশে বক্তারা বলেন, মাস খানেক আগে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার চিহ্নিত ভূমিদস্যু সাহাব উদ্দিন ও তাঁর অনুসারী আবদুল বারেক, ইয়াকুব আলী, মোশারফ খান ও আমজাদ হোসেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নামে ইজারা নেওয়া ১৮০ শতাংশ অর্পিত সম্পত্তি দখল করে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, দোসাইদ এলাকার প্রায় ২৩ একর অর্পিত সম্পত্তি ভূমিদস্যুদের কবল থেকে মুক্ত রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানটির নামে ১৯৯০ সালে ওই জমি ইজারা দেওয়া হয়। বিকেলে অধ্যক্ষ নাসির উদ্দিন জানান, মানববন্ধনের পর স্থানীয় প্রশাসন দখলদারদের সাইনবোর্ড অপসারণ করলেও কয়েক ঘণ্টা পর তাঁরা আবার সাইনবোর্ড স্থাপন করে যান।
ইউএনও কামরুল হাসান মোল্লা বলেন, মানববন্ধনের পরপরই সাইনবোর্ড ফেলে দেওয়া হয়েছে। তবে পুনরায় সাইনবোর্ড লাগানো হলে বা দখলের চেষ্টা করা হলে দখলদারদের গ্রেপ্তার করা হবে।