জমি দান করেছিলেন বাবারা কেড়ে নিলেন সন্তানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্তত ৩০টির জমি আংশিক বেদখল হয়ে গেছে। বেশির ভাগ বিদ্যালয়ের জায়গা দখল করে রেখেছেন ভূমিদাতা পরিবারের সদস্যরাই।
সম্প্রতি ভৈরবের ওই বিদ্যালয়গুলো ঘুরে দেখা গেছে, ভাটি কৃষ্ণনগর বিদ্যালয়ের ৩৩ শতাংশ, মানিকদী পুরানগাঁওয়ের ৩৮ শতাংশ, ঝগড়ারচরের ৩৪ শতাংশ, মৌটুপির ৫০ শতাংশ, জাফরনগর বিদ্যালয়ের ১৬ শতাংশ, কামারকান্দার ২৬ শতাংশ, খলাপাড়ার ৪২ শতাংশ, জগমোহনপুরের ৪০ শতাংশ ও বাঘাইকান্দি বিদ্যালয়ের ৫২ শতাংশ ও চন্ডিবের উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৪১ শতাংশসহ অন্তত ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা পরিবারের সদস্যরা দখল করে রেখেছেন। জমি ফেরত পেতে শিক্ষা কার্যালয় এবং উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ।
ভাটিকৃষ্ণনগরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রথম উদ্যোগী হন গ্রামের মফিজ উদ্দিন। ১৯৬৮ সালে তাঁর দেওয়া ৪০ দশমিক ৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠা করা হয় ভাটিকৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়। কিন্তু এখন তাঁর সন্তানেরা ৩৩ শতাংশই দখল করে রেখেছেন। জায়গার অভাবে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। নির্মাণ করা যাচ্ছে না নতুন ভবন। টাকা বরাদ্দ হওয়ার পরও বারবার ফিরে যাচ্ছে শৌচাগার নির্মাণের সরকারি অনুদান।
দাতা মফিজ উদ্দিনের ছেলে জাকির হোসেন বলেন, ‘আমার বাবা ভুল কইরা বেশি জায়গা দিয়া গেছে। এই জন্য এহন আমরা কিছু নিয়া নিছি।’
প্রধান শিক্ষক সুমনা পাল বলেন, ‘প্রাথমিক শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হলো সমাবেশ ও খেলাধুলার সুযোগ সৃষ্টি করে দেওয়া। কিন্তু জায়গা না থাকায় এখন আমাদের এগুলো বিদ্যালয়ের বারান্দায় করতে হয়।’
একই অবস্থা কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওলা প্রাথমিক বিদ্যালয়ের। ১৯৬৯ সালে স্থানীয় নবর আলীর দেওয়া ৫২ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়ের ১৭ শতাংশ জমি এখন আছে তাঁর সন্তানদের দখলে। এ প্রসঙ্গে নবর আলীর সন্তান আলতাফ হোসেন ও খলিলুর রহমান বলেন, বাড়ির ভেতরে বিদ্যালয় প্রতিষ্ঠা করার জায়গা দিয়ে তাঁদের বাবা ঠিক কাজ করেননি।
মধ্যেরচর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও শোচনীয়। বিদ্যালয়ের দেয়াল ঘেঁষে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ের বারান্দা থেকে পা বাড়ালেই গ্রামীণ সড়ক। ১৯৩৪ সালে গণি মাস্টার ও খালেক মাস্টার নামে দুই ব্যক্তির দেওয়া ৫০ শতাংশ জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। এ সম্পর্কে গণি মাস্টারের নাতি খলিল মিয়া বলেন, জমির বিষয়ে মামলা আছে। শেষ না হওয়ার আগে কারা দখলদার বলা ঠিক নয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, এখন পর্যন্ত ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁর কাছে জমি বেদখল হওয়ার প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্ত করে দেখতে তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহাগ আহমেদ এ বিষয়ে বলেন, ‘বাবারা জমি দিয়ে গেলেন, সন্তানেরা কেড়ে নিলেন।’ কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মওলা বলেন, জায়গা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।