জমি দিয়ে ট্রাক যেতে বাধা দেওয়ায় হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামায় ধানি জমির ওপর দিয়ে ট্রাক যেতে বাধা দেওয়ায় দুই মারমা নারীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই দুই নারীকে গতকাল রোববার লামা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রের ভাষ্যমতে, গত শনিবার বিকেলে জহিরুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি অবৈধ জ্বালানি কাঠের ট্রাক নিয়ে মুরুং ঝিড়ির দিকে যান। তাঁরা জমির আইল কেটে চিহ্লাউ মারমার ধানি জমির ওপর দিয়ে ট্রাক নিয়ে যেতে চাইলে শৈম্রাচিং মারমা (৩০) ও ক্রাথুইচিং মারমা (২৫) বাধা দেন। এ সময় জহিরুল ও তাঁর লোকজন ওই দুই নারীর ওপর হামলা চালায়। পরে পাড়ার লোকজন ওই দুই নারীকে উদ্ধার করেন। শৈম্রাচিং তিন মাসের অন্তঃসত্ত্বা।
জহিরুল অভিযোগ অস্বীকার করে বলেন, ধানি জমির ওপর দিয়ে তাঁরা ট্রাক নিয়ে যাননি। পতিত জমির ওপর দিয়ে যাওয়ার সময় দুই মেয়ের সঙ্গে সামান্য ধ্বস্তাধস্তি হয়। তিনি বলেন, তাঁরা ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ দিতে রাজি। লামা থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বলেন, গাছবোঝাই ট্রাক জমির ওপর দিয়ে নেওয়ার সময় বাধা দেওয়ায় দুই নারীকে বেধড়ক মারধর করা হয়। দুজনই এখন হাসপাতালে। তাঁরা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।