জমি না থাকায় তিন দিন পড়ে ছিল আদিবাসীর লাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের জমি না থাকায় রাজশাহীর তানোরের বিনোতপুর শুকানদীঘিপাড়ার আদিবাসীপল্লির গৌউর উরাও (৮৫) নামের এক ব্যক্তির লাশ তিন দিন ধরে সৎকারবিহীন অবস্থায় পড়ে ছিল। শেষ পর্যন্ত পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা গোলাম রাব্বানীর হস্তক্ষেপে তিন দিন পর গত বৃহস্পতিবার খাসজমিতে লাশ সৎকার করা হয়।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবিন সরেন বলেন, বিনোতপুর শুকানদীঘিপাড়ায় ২৩টি আদিবাসী পরিবার বসবাস করছে। কিন্তু তাদের কোনো কবরস্থান নেই। বাড়ির সীমানা জমিতেই তাদের সৎকার করার রীতি প্রচলিত। গৌউর উরাও দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।
গৌউর উরাওয়ের ভাগনে হরেন উরাও বলেন, তাঁর মামার বাড়িতে সৎকার করার মতো কোনো জায়গা নেই। গত মঙ্গলবার মৃত্যুর পর সন্ধ্যায় পাশের খাসজমিতে মামাকে সৎকার করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু স্থানীয় এক ব্যক্তির বাধায় তা হয়নি। সৎকারের আর কোনো জায়গা না পেয়ে তিন দিন ধরে লাশটি বাড়িতেই পড়ে ছিল। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট মণ্ডুমালা পৌর মেয়র ও তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রাব্বানীকে বিষয়টি জানানো হয়। তাঁদের হস্তক্ষেপে খাসজমিতে শেষ ঠাঁই হয় গৌউর উরাওয়ের।
পাঁচন্দর ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, ‘ব্যক্তিগত কাজে আমি কয়েক দিন ধরে নওগাঁয় থাকায় বিষয়টি জানা ছিল না। তাই কোনো পদক্ষেপ নিতে পারিনি।’