জমি না পাওয়ায় বগুড়ায় সার্ভার স্টেশন নির্মাণে বিলম্ব
জমি না পাওয়ায় বগুড়া জেলা সদরে তিন বছরেও সার্ভার স্টেশন ভবন স্থাপনের কাজ বাস্তবায়িত হয়নি।সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন কমিশন ভোটারদের তথ্য প্রাপ্তি সহজ করার লক্ষ্যে ২০০৮ সাল থেকে ২০১০ সালের মধ্যে দেশে ৫০২টি উপজেলা ও থানায় সার্ভার স্টেশন স্থাপনের পরিকল্পনা করে। এ জন্য কনস্ট্রাকশন অব সার্ভার স্টেশন ফর ইলেকট্রাল ডেটাবেজ (সিএসএসইডি) নামের একটি প্রকল্প গ্রহণ করা হয়। ইউএনডিপির সমন্বয়ে বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে এই কাজ শুরু হয়। বিভিন্ন জেলায় এই সার্ভার স্টেশন নির্মাণকাজ শেষ হলেও বগুড়ায় এখন পর্যন্ত জমিই পাওয়া যায়নি।প্রকল্প সূত্রে জানা গেছে, দেশের ৫৪টি জেলায় এই সার্ভার স্টেশন ভবন নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৪৭টি জেলায় জমি অধিগ্রহণ করা হয়েছে এবং ২৯টিতে ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে। তবে বগুড়াসহ সাতটি জেলায় জমি অধিগ্রহণ এখনো সম্ভব হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়ার একজন নির্বাচন কর্মকর্তা জানান, জেলা প্রশাসনের অসহযোগিতার কারণে বগুড়া সদরে সার্ভার স্টেশনের জন্য জমি পাওয়া যায়নি। রাস্তার ধারে জমি চেয়ে নির্বাচন কমিশন থেকে জেলা প্রশাসককে চিঠি দেওয়া হলেও তাতে সাড়া মেলেনি। ২০১০ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এই সময়ের মধ্যে জমি না পাওয়ায় প্রকল্পের মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয়। এই বর্ধিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ আরও এক বছর বাড়িয়ে ২০১৩ সালের জুন পর্যন্ত করা হয়েছে।জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, এবার জেলা প্রশাসনের মাধ্যমে শহরের খান্দার এলাকায় গণপূর্ত অধিদপ্তরের ১৬ শতক জমি পাওয়া গেছে। গণপূর্ত অধিদপ্তর জমি দেওয়ার অনুমতিও দিয়েছে। মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এই প্রকল্পে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা। তবে বগুড়ার অন্য ১১টি উপজেলায় সার্ভার স্টেশন ভবনের নির্মাণকাজ এখন শেষ হওয়ার পথে। ইতিমধ্যে কয়েকটি উপজেলায় নির্মাণকাজ শেষ হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, গণপূর্ত বিভাগের একটি জায়গা নির্বাচন করে মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু করা হবে।