জমি নেই, তবু অ্যাসিডে দগ্ধ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাসিডদগ্ধদের ৩৯ শতাংশই দগ্ধ হচ্ছেন জমিজমা ও বিত্ত-বৈভবকে কেন্দ্র করে। পরিসংখ্যান অনুযায়ী, এসব কারণে অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। অথচ এসব নারীর বেশির ভাগেরই নিজের কোনো জমি নেই। 
বেসরকারি সংগঠন এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) দেওয়া তথ্যমতে, ১৯৯৯ সাল থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৯ শতাংশ শুধু জমিজমা-সংক্রান্ত কারণে দগ্ধ হয়। প্রেম, বিয়ে বা যৌনসম্পর্কে অসম্মতি জানানোর জন্য ১৭ শতাংশ দগ্ধ হয়। ১২ শতাংশ কেন দগ্ধ হচ্ছে, তার কারণ অজানাই থেকে গেছে। যৌতুক, বৈবাহিক সম্পর্কে ঝামেলাসহ অন্যান্য কারণেও অ্যাসিডদগ্ধ হচ্ছেন। গত ১০ বছরে নারীদের অ্যাসিডদগ্ধ হওয়ার পেছনে বড় কারণ দেখা যাচ্ছে জমিজমা-সংক্রান্ত বিরোধ। এরপর প্রেম ও বিয়ের বিষয়টি প্রাধান্য পাচ্ছে।
ওই একই সংগঠনের ২০১২ সালের বার্ষিক প্রতিবেদনেও বলা হয়েছে, জমিজমা, টাকাপয়সা-সংক্রান্ত কারণেই সবচেয়ে বেশি (২৫ শতাংশ) অ্যাসিডদগ্ধ হয়।
এএসএফের দেওয়া তথ্যমতে, ১৯৯৯ সালের নভেম্বর মাস থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত তিন হাজার ১৭৯টি ঘটনায় তিন হাজার ৫০৬ জন অ্যাসিডদগ্ধ হয়েছেন। এঁদের মধ্যে দুই হাজার ৪০৫ জন নারী ও মেয়ে শিশু এবং এক হাজার ১০১ জন পুরুষ ও ছেলে শিশু। অর্থাত্ দগ্ধদের প্রায় ৬৯ শতাংশই নারী ও মেয়ে শিশু। সংগঠনটির মূল্যায়ন জরিপও বলছে, অ্যাসিডদগ্ধদের ৭০ শতাংশই নারী ও মেয়ে শিশু।
এএসএফের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, প্রথম দিকে প্রেম, ভালোবাসায় প্রত্যাখ্যানসহ অন্যান্য কারণে নারীরা বেশি অ্যাসিডদগ্ধ হতেন। তবে বর্তমানে জমিজমা-সংক্রান্ত কারণে নারীরা এ সন্ত্রাসের বেশি শিকার হচ্ছেন। যেকোনো বিরোধে নারীরা বেশি ঝুঁকির মধ্যে থাকেন, এ ধরনের সন্ত্রাস তারই প্রমাণ।
অ্যাসিডদগ্ধ ফুলজান বেগমের নামে কোনো সম্পত্তি নেই। সব তাঁর স্বামীর নামে। ঘটনার সময় এবং এখনো স্বামী বিদেশ আছেন। মৌলভীবাজারের কুলাউড়া থানার এই নারী জানালেন, চলতি বছরে আসামিরা তাঁর মুখ ঝলসে দিলেও তারা বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ছয় সন্তান নিয়ে ফুলজানের সংগ্রাম আগের চেয়ে বেড়েছে।
কুড়িগ্রামের রোজিনা ও তাঁর শাশুড়ি অ্যাসিডদগ্ধ হয়েছেন কয়েক মাস হলো। রোজিনার স্বামী জাহাঙ্গীর আলম বলেন, ‘আমার জমি নিয়া বিবাদ বহু দিন ধইরা চলতাছে। আসামিপক্ষ রাতে মারামারি করতে আসে। ঘরে মা ও রোজিনা ছিল। মহিলা মানুষ বাইরে বাইর হইতে পারে নাই। এই সুযোগে মারছে। মায়ের হাতে আর রোজিনার শরীরের প্রায় পুরা অংশই পুইড়া গেছে।’
অ্যাসিডদগ্ধ ব্যক্তিদের নিয়ে কর্মরতরা জানালেন, নারীকে অ্যাসিড মারা সহজ। বেশির ভাগ ঝগড়া-বিবাদের পর পুরুষেরা নিরাপদ জায়গায় চলে যান। বাড়িতে নারীকে একা পাওয়া যায়। প্রতিপক্ষ পরিবারকে বেশি শাস্তি দেওয়ার উদ্দেশ্যেও এই কাজ করা হচ্ছে। এ ছাড়া নারী যাতে ঘটনার সাক্ষ্য দিতে না পারেন, তার জন্যও নারীদের দগ্ধ করা হচ্ছে।
নারীর নামে কিছু সম্পত্তি থাকলে তা দখলের জন্যও নারীকে অ্যাসিড মারা হচ্ছে। নগরের বনানীতে এএসএফের হাসপাতালে কথা হয় সিলেটের শারমীনের সঙ্গে। ২০১০ সালে জমিজমার কারণেই তিনি অ্যাসিডদগ্ধ হন। তবে তাঁর কাহিনি অন্যদের চেয়ে একটু আলাদা।
শারমীন জানান, স্বামী তালাক দেওয়ার পর কাবিনের পুরো টাকা পাওয়া না গেলেও স্বামীর পরিবারের পক্ষ থেকে ৬০ হাজার টাকা দেওয়া হয়। সেই টাকা দিয়েই ছয় শতক জায়গা কেনেন। এই জায়গাটুকু দখল করার জন্য এই জমির পাশেই যাঁর জমি, সেই মালিক শারমীনকে অ্যাসিড মারেন। তিনি বলেন, ‘আসামির সঙ্গে সাবেক স্বামী এবং এলাকার প্রভাবশালীদের সম্পর্ক ভালো। তাঁরা মামলায় আপস করতে বলেছিলেন, কিন্তু তা করিনি বলে উল্টা আমার নামেই মিথ্যা মামলা দেয়। অ্যাসিডদগ্ধ অবস্থায় জেলও খাটি। বর্তমানে এই জমি কারও কাছে বিক্রিও করতে পারছি না।’