জমি নিবন্ধন না হলে বাংলাদেশ-উত্তরা-পপুলারে ভর্তি স্থগিত
আগামী তিন মাসের মধ্যে কলেজের নামে নিজস্ব জমি নিবন্ধন না করলে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও পপুলার মেডিকেল কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করা হবে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনা নীতিমালা-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ কথা জানানো হয়।
ওই তিন কলেজ ছাড়াও যেসব মেডিকেল কলেজ তাদের কলেজের নামে নিজস্ব জমি নিবন্ধন করেনি, তাদেরও তিন মাসের মধ্যে নিবন্ধন করার জন্য সভা থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক, বাংলাদেশে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক সহিদুল্লাসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।