জমি নিয়ে বিরোধে তিন জেলায় তিন খুন
জমি নিয়ে বিরোধের জের ধরে গত দুই দিনে ময়মনসিংহের নান্দাইল, নেত্রকোনার কেন্দুয়া ও কুমিল্লার চৌদ্দগ্রামে তিনজন খুন হয়েছেন। ঢাকার বাইরে আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার গাংগাইল ইউনিয়নের সুন্দাইল গ্রামের আবু বক্কর সিদ্দিকের (৬০) সঙ্গে তাঁর বড় ভাই হাফিজ উদ্দিনের দীর্ঘদিন ধরে পৈতৃক জমি ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও চলছে। গতকাল সকাল ১০টার দিকে আবু বক্কর তাঁর জমি দেখতে যান। এ সময় হাফিজ ও তাঁর চার ছেলে ইসলাম উদ্দিন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও রহিদুল ইসলামকে নিয়ে তাঁকে ধরে লাঠিপেটা করেন। একপর্যায়ে রফিকুল দা দিয়ে কোপ দিলে আবু বক্কর মাটিতে লুটিয়ে পড়েন। পরে গ্রামের লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে বিকেলে তিনি মারা যান।
মডেল থানার উপপরিদর্শক (এসআই) নূরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেন্দুয়া (নেত্রকোনা): জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কয়েক দিন আগে উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেছন্দরী বাণীপুর গ্রামের কাজল মিয়ার পরিবারের লোকজন আরজু মিয়ার জমির আইল কেটে দেন। শুক্রবার দুপুরে আরজুর চাচাতো ভাই রোকন উদ্দিন (৩২) জমির আইল ঠিক করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে কাজলের চাচাতো ভাই রবি মিয়াসহ অন্যরা দেশীয় অস্ত্র নিয়ে রোকনের ওপর হামলা চালান। একপর্যায়ে বল্লমের (হলঙ্গা) আঘাতে রোকন ঘটনাস্থলেই মারা যান।
থানার পরিদর্শক অভিরঞ্জন দেব জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম (কুমিল্লা): উপজেলার আলকরা ইউনিয়নের বান্দেরজলা গ্রামের মুদি দোকানি আবদুল মোতালেব (৩০) ও তাঁর চাচাতো ভাই সোহেল হোসেনের পরিবারের মধ্যে বাড়ির পানিনিষ্কাশনের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার বিকেলে সোহেল লাঠি দিয়ে মোতালেবের মাথায় আঘাত করলে প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন মোতালেবকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় শুক্রবার রাতে ঢাকা নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। উত্তেজিত জনতা রাতেই সোহেলের মালিকানাধীন একটি ফার্মেসি জ্বালিয়ে দেয়। ঘটনার পর সোহেল ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে গেছেন। এ ঘটনায় নিহতের বাবা আইয়ুব আলী বাদী হয়ে সোহেল, তাঁর বাবা নুরুন নবী, মা নাজমা বেগম, ভাই বিপ্লবসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল মিঞা জানান, ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।