জমি নিয়ে সংঘর্ষে আ.লীগ নেতাসহ আহত ৪
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ইসদাইরে গতকাল রোববার জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের নেতাসহ চারজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ইসদাইরে ১৯ শতাংশ জমির মালিকানা নিয়ে নগরের ১৩ নম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের (৫০) সঙ্গে আজাদ ডাইংয়ের স্বত্বাধিকারী আবুল কাশেমের বিরোধ ছিল।
গতকাল বিকেল চারটার দিকে রবিউল লোকজন নিয়ে ওই জমিতে গেলে আবুল কাশেম ও তাঁর লোকজন বাধা দেন। দুই পক্ষের বাগিবতণ্ডার একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কাশেমের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে রবিউল, আনিসুর রহমান (৩৫), হাবিব উদ্দিন (৪৫) ও নিরাপত্তাকর্মী আলমগীর হোসেন (৪০) মারাত্মক জখম হন। এর জের ধরে রবিউলের পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে কাশেমের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।
আহত ব্যক্তিদের শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জমির মালিক দাবিদার রবিউল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, ২০০৭ সালে তিনি ইসদাইরে ১৯ শতাংশ জমি কেনেন। ওই জমিতে একটি ঘর তুলে আলমগীর হোসেন নামের একজনকে তত্ত্বাবধায়ক নিয়োগ করেন। কিন্তু ওই এলাকার কাশেম বায়নানামা দলিল দাখিল করে জমির মালিকানা দাবি করেন। গতকাল ওই জমিতে গেলে কাশেম ও তাঁর লোকজন তাঁদের কুপিয়ে আহত করেন।
তবে কাশেমের ছেলে তাইজুল ইসলাম দাবি করেন, রবিউল ও তাঁর লোকজন গতকাল তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালান এবং ঘর থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করেন।