জমি নির্ধারণে আটকে আছে ভবন নির্মাণ, ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নির্ধারণ নিয়ে জটিলতা দেখা দেওয়ায় শেরপুরে মুখ্য বিচারিক হাকিম (সিজেএম) আদালত ভবন নির্মাণের কাজ আটকে গেছে। নতুন ভবন নির্মাণ না করায় এজলাস-সংকটসহ নানা কারণে দুর্ভোগ পোহাচ্ছেন আদালত-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিচারপ্রার্থী মানুষ।
জেলা আইনজীবী সমিতি ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৭ সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হওয়ার পর শেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের পুরোনো ভবনে সিজেএম আদালতের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ভবনটির সাতটি এজলাসের মধ্যে তিনটিতে মুখ্য বিচারিক হাকিম ও তাঁর অধীন বিচারিক হাকিম আদালতের কার্যক্রম চলছে।
কিন্তু জেলা জজ আদালতের পুরোনো ভবনে বিচার কার্যক্রম চলাকালে জায়গার অভাবে অধিকাংশ সময়েই আইনজীবীদের দাঁড়িয়ে থাকতে ও আইনজীবীর সহকারীদের এজলাসের বাইরে অবস্থান করতে হয়। এ ছাড়া বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণের ফাঁকা স্থানে রোদে পুড়ে বা বৃষ্টিতে ভিজে অপেক্ষা করতে হয়।
গণপূর্ত বিভাগের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, বিচার বিভাগ পৃথক্করণের পর ২০১০ সালে গণপূর্ত বিভাগের অধীন ‘বাংলাদেশের ৬৪টি জেলা সদরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ (প্রথম পর্যায়) প্রকল্প’ হাতে নেওয়া হয়। এই প্রকল্প অনুযায়ী শেরপুরে ২৯ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার টাকা ব্যয়ে আটতলাবিশিষ্ট সিজেএম আদালত ভবন নির্মাণ করা হবে। এই ভবন নির্মাণে জমি প্রয়োজন ২ দশমিক ৬৯ একর। এই প্রকল্পটি গ্রহণের পর ২০১০ সালের নভেম্বরে আইন ও বিচার বিভাগের একটি প্রতিনিধিদল সিজেএম আদালত ভবন নির্মাণের লক্ষ্যে স্থান নির্বাচনের জন্য শেরপুরে আসে।
পরে ওই প্রতিনিধিদলের পাঠানো প্রতিবেদনে বলা হয়, জজশিপের মালিকানাধীন পুরোনো মুনসেফ কোর্টের জমিতে সিজেএম আদালত ভবন নির্মাণ করা যেতে পারে। তবে জেলা জজ আদালত ও আইনজীবী সমিতি ভবন এখানে জরুরি ভিত্তিতে স্থানান্তর করা সমীচীন হবে। কোনো কারণে যদি জেলা জজ আদালত ও আইনজীবী সমিতি ভবন স্থানান্তর সম্ভব না হয়, তাহলে বিদ্যমান জেলা জজ আদালত ভবনের কাছে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত জমিতে বিকল্প নকশা অনুসরণ করে সিজেএম আদালত ভবন নির্মাণ করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এখন পর্যন্ত সিজেএম আদালত ভবন নির্মাণের জন্য স্থান নির্বাচন করা সম্ভব হয়নি। শহরের মাধবপুর এলাকায় পুরোনো মুনসেফ কোর্ট প্রাঙ্গণে জেলা জজশিপের মালিকানায় জমি আছে ৩ দশমিক ৭৬ একর।
এ প্রসঙ্গে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম কে মুরাদুজ্জামান বলেন, সিজেএম আদালতটি জেলা ও দায়রা জজ আদালত ভবনের কাছাকাছি হওয়া দরকার। এতে বিচারপ্রার্থীদের দুর্ভোগ যেমন কমবে, তেমনি সংশ্লিষ্ট সবার আদালতের কার্যক্রম পরিচালনা করতেও সুবিধা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা জজশিপ ও আইনজীবী সমিতি চায় কালেক্টরেট ভবনে মসজিদের দক্ষিণ পাশে ১ দশমিক ১৪ একর জমিতে সিজিএম আদালত ভবন নির্মাণ হোক। কিন্তু কালেক্টরেট মসজিদের সামনের ওই জায়গা হাতছাড়া করতে নারাজ জেলা প্রশাসন।
শেরপুরের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. মোমিনুল ইসলাম বলেন, বিকল্প নকশা অনুসরণ করে বিদ্যমান পুরোনো জেলা ও দায়রা জজ আদালত ভবনের সামনে থেকে জেলা আইনজীবী সমিতির ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থানে সিজেএম আদালত ভবন নির্মাণ করা যেতে পারে। তাহলে কালেক্টরেট মসজিদের দক্ষিণে সামনের জায়গা বা অন্য কোনো জায়গায় জমি অধিগ্রহণের প্রয়োজন হবে না।
এ বিষয়ে জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন বলেন, ‘স্থান নির্বাচন জটিলতার কারণে সিজেএম আদালত ভবন নির্মাণে বিলম্ব হচ্ছে। সদর উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) আদালত ভবনের জন্য স্থান নির্বাচন করতে নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই স্থান নির্বাচনসহ ভবন নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।’
গণপূর্ত বিভাগের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান বলেন, সিজেএম আদালত ভবন নির্মাণের স্থান নির্বাচনের ব্যাপারে তাঁদের কোনো ভূমিকা নেই। জেলা প্রশাসন যে স্থান নির্বাচন করবে সেখানেই তাঁরা (গণপূর্ত বিভাগ) ভবনটি নির্মাণের জন্য প্রস্তুত রয়েছেন।