জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ঘরে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত শনিবার রাতে নাটোরের লালপুর উপজেলার পালোহারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে। এ সময় আটটি ঘর পুড়িয়ে দেওয়া হয়।লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, পালোহারা গ্রামের আবদুল মালিথা (৬৫) ও মোসলেম উদ্দিনের (৩২) মধ্যে এক খণ্ড জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে শনিবার সন্ধ্যায় উভয় পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে আবদুল মালিথা ও মোসলেম উদ্দিনসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়। এ সময় আবদুল মালিথার সমর্থকদের আটটি ঘর প্রতিপক্ষ লোকজন পুড়িয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়।আহত ব্যক্তিদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মোসলেম উদ্দিন, আরজিনা খাতুন, হামিদা খাতুন ও ফাতেমা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, আহত ব্যক্তিরা দেশীয় অস্ত্রশস্ত্রের আঘাতে হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়েছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।