জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত ১০
জমির দখল নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জুয়েলের অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পারসুন্দইল গ্রামে আজিজুল ইসলাম পৈতৃক সূত্রে পাওয়া ছয় বিঘা জমি চাষাবাদ করে আসছেন। সম্প্রতি একই গ্রামের গোলাম মোস্তফা স্থানীয় ভূমি অফিসের সঙ্গে যোগসাজশ করে ওই জমি খাস দেখিয়ে ইজারা নেন। এ নিয়ে মামলা হলে আদালত প্রকৃত জমির মালিক হিসেবে আজিজুল ইসলামের পক্ষে রায় দেন। এরপর তিনি জমিতে আখের চাষ শুরু করেন।আজিজুল ইসলাম বলেন, ‘গোলাম মোস্তফা মামলায় হেরে গিয়ে কিছু সন্ত্রাসী লেলিয়ে দেন। সন্ত্রাসীরা প্রায়ই চাঁদা দাবি করে হুমকি দিত। গত শনিবার সকালে আমার ছেলেরা জমিতে গেলে প্রতিপক্ষের ২০-২৫ জন সন্ত্রাসী দা-কুড়াল, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা করলে সংঘর্ষ বাধে।’গোলাম মোস্তফা বলেন, ‘জমিটি খাস হওয়ায় স্থানীয় ভূমি অফিসের কাছ থেকে আমি ইজারা নিয়েছি। কিন্তু আজিজুল ইসলাম আদালতে মামলা করে তাঁর পক্ষে রায় নেন এবং তাঁর নয় ছেলে আমার লোকজনের ওপর সন্ত্রাসী হামলা চালায়।’গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ থেকেই দুটি লিখিত অভিযোগ করা হয়েছে। তবে প্রাথমিক তদন্ত করে একটি মামলা নেওয়া হবে। পুলিশ ঘটনাস্থলে টহল দিচ্ছে বলে জানান তিনি।