জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খাড়দিয়া গ্রামে গত বুধবার সন্ধ্যায় জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে সাহেব শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত এবং সাতজন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খাড়দিয়া গ্রামের ১৫ শতাংশ জায়গার মালিকানা নিয়ে পাচু শেখের সঙ্গে তাঁর প্রতিবেশী মাজেদ শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত বুধবার সন্ধ্যায় দুই জনের মধ্যে বাদানুবাদ হয়। এক পর্যায়ে পাচু শেখের দখলে থাকা ওই জমিতে দুই পক্ষের সমর্থকেরা ঢাল-সরকি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের আটজন আহত হয়। এর মধ্যে পাচু শেখের চাচাতো ভাই সাহেব শেখকে গুরুতর আহত হন। তাঁকে আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গভীর রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে নেওয়ার পর ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফসারউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সাহেব শেখ সেখানে মারা যান। এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ অভিযোগ করেনি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।