জমি নিয়ে দ্বন্দ্বের বলি ছয় বছরের শিশু!
নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে গত বৃহস্পতিবার বিকেলে রুবায়েত (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে৷ বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিবেশী পরিবার শিশুটিকে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ৷ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
রুবায়েত গ্রামের সালাউদ্দীন মুন্সীর ছেলে৷ সে কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল৷ মা-বাবার একমাত্র সন্তান এ শিশুটির গলাকাটা লাশ প্রতিবেশী চুন্নু মুন্সীর বসতঘর থেকে এলাকাবাসী উদ্ধার করেন৷
সালাউদ্দীন মুন্সী বলেন, একটি কাঁঠালগাছের মালিকানা নিয়ে প্রতিবেশী চুন্নু মুন্সীর পরিবারের সঙ্গে গত বৃহস্পতিবার সকালে ঝগড়া হয়। এর পর থেকেই তাঁর ছেলে নিখোঁজ ছিল৷ ছেলের সন্ধান পেতে এলাকায় মাইকিং করেন তিনি৷ পরে এলাকাবাসী প্রতিবেশী চুন্নুর বাড়িতে তল্লাশি চালিয়ে বসতঘরের পাটখড়ির গাদার নিচ থেকে রুবায়েতের গলাকাটা লাশ উদ্ধার করেন৷
এলাকার কয়েকজন জানান, লাশটি উদ্ধারের পরপরই লোকজন চুন্নু মুন্সী, তাঁর বাবা আবু সালেহ এবং মা লালমতিকে আটক করে পুলিশে দেন৷