জমি নিয়ে বিবাদ এসিড দিয়ে সন্ত্রাস গৃহবধূ দগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে সেলিনা খাতুন (৩০) নামে এক গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। গৃহবধূকে ধুনট স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে।উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে সাত শতক জমির বাঁশঝাড় নিয়ে আবদুল বারিকের সঙ্গে রনজু মিয়ার বিবাদ চলছে বেশ কিছুদিন ধরে। এ বিবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। শুক্রবার সকাল ১০টায় আবদুল বারিক ওই জমির ওপর বাঁশ কাটতে যান। এ সময় প্রতিপক্ষ রনজু তাঁর লোকজন নিয়ে আবদুল বারিককে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। গৃহবধূর বাবা আবদুল বারিক দাবি করেন, তিনি বাঁশ কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর আক্রমণ করে। এ সময় সেলিনা খাতুন এগিয়ে এলে প্রতিপক্ষ রনজু মিয়া (৫২) তাঁর ভাই মজনু মিয়া (৩২) তাৈহিদ (২৮) এবং ছেলে রায়হান (২২) তাঁদের হাতে থাকা এসিড সেলিনার শরীরে নিক্ষেপ করেন। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁরা সেখান থেকে চলে যান। আবদুল বারিকের মৌখিক অভিযোগের ভিত্তিতে বেলা ১১টায় রনজু মিয়াকে থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রনজু মিয়া জানান, সকালে এই বিবদমান জমির বাঁশ কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। সেখানে কোনো এসিড নিক্ষেপের ঘটনা ঘটেনি। জমি নিয়ে বিরোধের কারণে তাঁদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে।এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এম এ তারেক হেলাল জানান, দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। কয়েক দিন আগে এই ঘটনা নিয়ে মীমাংসা করা হয়েছে। মামলাগুলোর মীমাংসার চেষ্টা চলছে। তাঁর ধারণা, সেখানে কোনো এসিড নিক্ষেপের ঘটনা ঘটেনি। প্রতিপক্ষের লোকজনকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এমন ধরনের ঘটনা ঘটানো হয়েছে।ধুনট থানার পুলিশ পরিদর্শক তোজাম্মেল হক জানান, এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে গৃহবধূর বাবার মৌখিক অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে। থানা পুলিশের প্রাথমিক ধারণা, গৃহবধূর শরীরে এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কীভাবে ঘটেছে, তা তদন্ত না করে সঠিক বলা যাবে না।হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এনামুল হক জানান, রাসায়নিক জাতীয় পদার্থ দিয়ে গৃহবধূর বাম হাত ও পরনের কাপড় পুড়ে দেওয়া হয়েছে। তবে কী ধরনের পদার্থ নিক্ষেপ করা হয়েছে, তা পরীক্ষা না করে বলা যাবে না।