জমি নিয়ে বিবাদে ১০ মাসের শিশুর প্রাণহানি
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আপন দুই চাচাতো ভাইয়ের ঝগড়ায় দেবরাজ চন্দ্র দাস নামের ১০ মাস বয়সী এক শিশু প্রাণ হারিয়েছে। গত রোববার রাতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর বাবার নাম দিলীপ চন্দ্র দাস। তিনি পেশায় রাজমিস্ত্রী।
পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সানবাড়ি গ্রামের দিলীপ চন্দ্র দাসের সঙ্গে তাঁর আপন চাচা কঠু দাস ও চাচাতো ভাই জীবন চন্দ্র দাসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে বাড়ির উঠানে রোববার রাত সাড়ে নয়টার দিকে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বাগিবতণ্ডা হয়। এ সময় দিলীপ চন্দ্র দাস নিজ বসতঘরে ঢুকে (বাঁশ ও চাটাই দিয়ে তৈরি) ঘরের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর জীবন চন্দ্র দাস (৩৫) একটি দা হাতে নিয়ে দিলীপ দাসের ঘরের উদ্দেশে রওনা হন। তখন দরজার পাশেই ১০ মাস বয়সী শিশুসন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন দিলীপের স্ত্রী অঞ্জলী রানী দাস। জীবন দাস দরজায় একের পর এক কোপ মারতে থাকেন। একপর্যায়ে দায়ের কোপ গিয়ে শিশুটির মাথার তালুতে লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়। তাঁকে চিকিৎসা দেওয়ার জন্য পরিবারের লোকজন ধরমপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে শিশুটি মারা যায়।
ধরমপাশা থানার উপপরিদর্শক (এসআই) মো. মকবুলুর রহমান প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছেন।