জমি নিয়ে বিরোধ, আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে জমির মালিকানা নিয়ে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। আহতরা হলেন, মায়মুনা খাতুন, জোসনা বেগম, নজরুল ইসলাম, লাটসাব, আকবর হোসেন, জামশেদ, মান্নান ও ওমর গনি। তবে নজরুল, মায়মুনা, আকবর, জামশেদ ও আশরাফকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, জমির মালিকানা নিয়ে স্থানীয় নুর আহম্মদের পরিবারের সঙ্গে ওমর গনি পরিবারের বিরোধ চলে আসছে। গতকাল সকালে তাদের দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে নারীসহ আটজন গুরুতর জখম হন।
স্থানীয় চেয়ারম্যান রেজাউল করিম বাহার জানান, দুই মাস আগেও দুই পরিবারের এ দ্বন্দ্বের মীমাংসা করেছেন তিনি। তাঁর জানামতে একটি জমির বিরোধ এখনো মেটেনি। গত বৃহস্পতিবার ওমর গনি ওই জমিতে চাষাবাদ শুরু করলে নুর আহম্মদের পরিবার বাধা দেয়। ওই বাধার পরিপ্রেক্ষিতে গতকাল সংঘর্ষ হয়।
সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক আবদুর রহিম বলেন, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রাবেয়া বলেন, আহতদের মাথায়, হাতে, পিঠে ও পায়ে গুরুতর জখম হয়েছে।