জমি নিয়ে বিরোধে প্রাণ গেল দেবর-ভাবির
পটুয়াখালী সদর উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে গতকাল বৃহস্পতিবার দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত আটজন।
নিহত দুজন হলেন রুস্তম আলী মাঝি (৬২) ও মালেকা বেগম (৬০)। তাঁরা সম্পর্কে দেবর ও ভাবি। আহত ব্যক্তিদের মধ্যে রাবেয়া বেগম (৫৫), সেলিনা বেগম (২৫), হেলেনা বেগম (১৫) হাফেজ মুনশি (২৯) ও রাবেয়া খাতুন (২৪) নামের পাঁচজনকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। হতাহত সবার বাড়ি কুড়িপাইকা গ্রামে।
স্থানীয় বাসিন্দা ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্র জানায়, জমিজমা নিয়ে রুস্তম আলী মাঝির পরিবারের সঙ্গে প্রতিবেশী ওহাব মুন্সীর পরিবারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা-মোকদ্দমাও হয়েছে। গতকাল সকাল পৌনে সাতটার দিকে ওহাব মুন্সীর বাড়ির লোকজন বিরোধপূর্ণ জমির মাটি কেটে গাছ রোপণ করে দখলের চেষ্টা করে। এতে বাধা দেয় মাঝিবাড়ির লোকজন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে নারীরা এগিয়ে এলে তাঁরাও হামলার শিকার হন। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে ও প্রহারে নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাঁদের মধ্যে সাতজনকে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। সেখান থেকে রুস্তম আলী ও মালেকা বেগমকে বরিশাল নেয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সাহেব আলী পাঠান জানান, সংঘর্ষের ঘটনায় হাফেজ মুনশি ও রাবেয়া খাতুনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।