জমি নিয়ে বিরোধ, বলি শতাধিক গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে বলি হলো শতাধিক ছোট-বড় গাছ। নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশায় কে এম শাহিনুর রহমান ও সৈয়দ কামালের মধ্যে ২৪ শতাংশ জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।গত ৩০ ডিসেম্বর ১২ শতাংশ জমির এসব গাছ কেটে নেওয়ার পর অন্য ১২ শতাংশ জমি দখল করে ওই জমির গাছগুলোও কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষ্মীপাশা মৌজার ৩৬০ নম্বর দাগের ২৪ শতাংশ জমির মালিকানা দাবি করছেন প্রতিবেশী কে এম শাহিনুর রহমান ও সৈয়দ কামাল। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ জমির ১২ শতাংশের মেহগনি, শাল, নিম, গামা, কাঁঠাল, নারকেল, সুপারির ছোট-বড় শতাধিক গাছ কেটে নেওয়া হয়েছে। অন্য ১২ শতাংশেও এসব গাছ আছে। সরেজমিনে দেখা গেছে, এই জমির উত্তর দিকের ১২ শতাংশের সবগুলো গাছই কেটে নেওয়া হয়েছে।শাহিনুর রহমান দাবি করেন, ‘৪৮-৪৯ বছর আগে নিমাই চন্দ্রের কাছ থেকে ২৪ শতাংশ জমি কিনে ভোগদখল করছি। গত মাঠ জরিপে এ জমি আমাদের নামে রেকর্ড হয়েছে। ৩০-৩৫ বছর আগে ২৪ শতাংশেই এসব গাছ আমরা লাগিয়েছি। গত ৩০ ডিসেম্বর দিনের বেলা ১২ শতাংশ জমির গাছ সৈয়দ কামাল লোকজন দিয়ে জোর করে কেটে নিয়ে গেছেন।’ তিনি বলেন, ‘অন্য ১২ শতাংশ জমি দখল করে ওই জমির গাছগুলোও কেটে নেওয়ার হুমকি দিচ্ছে। তারা ভুয়া কাগজপত্র তৈরি করে এ জমি জবরদখল করতে চাইছে।’শাহিনুর রহমানের মা সালেহা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গাছগুলো লাগানোর পর সন্তানের মতো লালন-পালন করছিলাম। বড় গাছসহ উঠতি বয়সের গাছগুলোও কেটে নেওয়া হয়েছে।’সৈয়দ কামাল বলেন, ‘১৯৬৩ সালে পারুল বালা দেবীর কাছ থেকে আমরা ওই ২৪ শতাংশ জমি কিনে ভোগদখল করছি। ২০০১ সালে ওই জমি তারা দখলে নেয়। তখন এ জমির বড় অনেক গাছ জোর করে কেটে নেওয়া হয়েছে। আমাদের নামে এ জমির নামপত্তন আছে।’তিনি আরও বলেন, ‘এসব জটিলতার কারণে লোহাগড়া পৌর মেয়রসহ গণ্যমান্য লোকজন সালিসের মাধ্যমে উভয়কে ১২ শতাংশ করে ভাগ করে দিয়েছে। গাছগুলোও ভাগ অনুয়ায়ী যার যার ভাগের অংশে সে পাবে বলে সিদ্ধান্ত হয়েছে।’জানা গেছে, লোহাগড়া পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ আররাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান, আবদুস সাত্তার পাইনের উপস্থিতিতে গত ১০ ডিসেম্বর হাফিজুর রহমানের বাড়িতে এ নিয়ে সালিস বৈঠক হয়।নেওয়াজ আহমেদ ঠাকুর বলেন, ‘সালিসের সিদ্ধান্ত মোতাবেক উভয়কে ১২ শতাংশ করে জমি ভাগ করে দেওয়া হয়েছে। গাছগুলো যার যার ভাগের অংশের পাবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে আমি নিজস্ব আমিন দিয়ে বণ্টনের ব্যবস্থা করে দিয়েছি।’শাহিনুর রহমান বলেন, ‘সালিসে পক্ষপাতিত্ব করা হয়েছে। আমাদের কথা বলার সুযোগ দেওয়া হয়নি।’ সালিসের অন্যতম সদস্য আবদুস সাত্তার পাইন বলেন, ‘সালিসে পক্ষপাতিত্ব করা হয়নি।’ একই মন্তব্য করেন পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর।সুপ্রিম কোর্টের আইনজীবী ইকবাল কবীর বলেন, ‘১৯২৭ সালের বন আইন অনুয়ায়ী মেহগনি ও শালগাছ ব্যক্তিগত হলেও তা কাটতে বন বিভাগের অনুমতি লাগবে।’ এ ব্যাপারে বন বিভাগের কোনো কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক মো. নূরুল আমিন বলেন, ‘পরিবেশ বাঁচাতে গাছ লাগাতে হবে এবং তা পরিপক্ব অবস্থায় নিয়ে যেতে হবে। ওই গাছগুলো ভালো উদ্দেশ্য নিয়ে কাটা হয়নি।