জমি নিয়ে বিরোধ, উত্তেজনায় প্রাণ গেল বৃদ্ধের
জমি নিয়ে পারিবারিক বিরোধ ছিল। আজ সেই জমিতে বেড়া দিয়ে দখল নিতে যায় পরিবারের এক পক্ষ। তা নিয়ে উত্তেজনা, গন্ডগোল। আর এ সময় চলা বিতণ্ডার মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণে প্রাণ হারালেন আইন উল্লাহ (৬০) নামের এক ব্যক্তি। আজ শুক্রবার সকালে হবিগঞ্জের বাহুবল উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনার পর নিহত ব্যক্তির আত্মীয়স্বজনেরা তাঁদের প্রতিপক্ষ তিন কিশোরীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ বলছে পারিবারিক বিরোধ থেকে এ ঘটনা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হবিগঞ্জের বাহুবল উপজেলার যাদবপুর গ্রামের সাদত উল্লাহ তিন মেয়ে ও স্ত্রী রেখে মারা যান তিন বছর আগে। তিনি মারা যাওয়ার পর সাদত উল্লার পরিবারের সঙ্গে তাঁর ভাই আইন উল্লাহর বিরোধ দেখা দেয় পারিবারিক একটি জমির মালিকানা নিয়ে। বিরোধপূর্ণ এই জমিতে গতকাল শুক্রবার সকাল সাতটায় বাঁশের বেড়া দিতে যান মৃত সাদত উল্লার মেয়েরা। এতে বাধা দেন তাঁদের চাচা আইন উল্লাহ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে আইন উল্লাহ ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে বাহুবল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে আইন উল্লাহ মারা গেছেন—এ খবর পেয়ে তাঁর পরিবারের অন্য সদস্যরা প্রতিপক্ষ সাদত উল্লার তিন মেয়েকে মারধর করেন। তাঁদের মধ্যে গুরুতর আহত সুমিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সুমি জানান, তাঁদের চাচা আইন উল্লাহ অন্যায়ভাবে বাধার কারণে তাঁরা তাঁদের জমি ভোগ করতে পারছেন না।
এ বিষয়ে হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী প্রথম আলোকে জানান, একটি জমি নিয়ে পারিবারিক বিরোধ থেকে এ ঘটনা। তবে বৃদ্ধ আইন উল্লাহকে কেউ মারধর করেনি বা তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি ঘটনার সময় উত্তেজিত হয়ে মাটিতে পড়ে যান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তিনি মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে প্রাণ হারিয়েছেন।