জমি নিয়ে বিরোধ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
চাচাতো ভাইয়ের বাঁশের গুঁতো এবং উপর্যুপরি প্রহারে দুলাল হোসেন (৪১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের রাধিকাপুর মুন্সিপাড়া গ্রামে।গ্রামবাসী জানায়, ওই গ্রামের একখণ্ড জমি নিয়ে রাধিকাপুর গ্রামের দুলাল হোসেনের সঙ্গে তাঁর চাচাতো ভাই আলী হোসেনের বিবাদ চলছিল। গত শুক্রবার দুলাল হোসেন তাঁর দখলীয় বিরোধপূর্ণ ওই জমিতে হালচাষ করছিলেন। বেলা ১১টার দিকে আলী হোসেন দলবল নিয়ে দুলালের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর করতে থাকেন। অবস্থা বেগতিক দেখে দুলাল দ্রুত পালিয়ে গিয়ে এক প্রতিবেশীর ঘরের খাটের নিচে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় আলী হোসেন ও তাঁর লোকজন বাঁশ দিয়ে গুঁতো মেরে খাটের নিচেই দুলালকে জখম করে এবং খাটের নিচ থেকে টেনে বের করে আবারও পিটিয়ে কোমরের নিচের অংশ থেঁতলে ফেলে।গুরুতর আহত অবস্থায় তাঁকে ওই দিনই পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।থানার ওসি এ কে এম মেহেদি হাসান জানান, এ ব্যাপারে দুলালের মামা মোজাম্মেল হক বাদী হয়ে গতকাল পীরগঞ্জ থানায় সাতজনের বিরুদ্ধে একটি মামলা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।