জমি নিয়ে বিরোধ একঘরে পরিবার
জমি নিয়ে বিরোধের জের ধরে নাটোরের সিংড়া উপজেলার জয়নগর গ্রামের একটি পরিবারকে ১৪ দিন ধরে একঘরে করে রাখা হয়েছে। স্থানীয় মসজিদ পরিচালনা কমিটির ওই নির্দেশের কারণে পরিবারটি এক রকম মানবেতর জীবনযাপন করছে।জাহেদুল ইসলাম জানান, জয়নগর জামে মসজিদ পরিচালনা কমিটি ১০ নভেম্বর তাঁদের একঘরে করার ঘোষণা দেয়। মসজিদের মাইকে প্রচার করা হয়, জাহেদুল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের কেউ কথা বলতে পারবে না। কথা বললে তাকে ৫০০ টাকা জরিমানা করা হবে। এ ঘোষণায় ওই পরিবারের সদস্যদের গ্রামের সবার জমির ওপর দিয়ে চলাচল ও মাঠঘাট ব্যবহার নিষিদ্ধ করা হয়। এ কারণে পরিবারটি মাঠ থেকে তাদের ১০ বিঘা জমির পাকা ধান কাটতে পারছে না। জাহেদুল ইসলাম অভিযোগ করেন, ‘আমাদের দখলীয় ৪৬ শতাংশের একটি ‘সেবাইত’ জমি মসজিদ কমিটি জোর করে নিতে চায়। আমি রাজি না হওয়ায় কমিটির লোকজন আমাকে শায়েস্তা করার জন্য একঘরে করেছে।’মসজিদ কমিটির সভাপতি শফিউল আলম দাবি করেন, বিতর্কিত জমিটি মসজিদ কমিটি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছে। মসজিদের পক্ষে এবারও ওই জমিতে ধানের আবাদ করা হয়েছিল। কিন্তু জাহেদুল ইসলাম ধান কাটতে দেননি। এ কারণে গ্রামের মাতব্বরেরা ওই পরিবারকে একঘরে করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘তাঁরা যত দিন না আমাদের জমি ফেরত দেবে, তত দিন তাঁদের একঘরে করে রাখা হবে।’তাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাদত হোসেন বলেন, এটা নিয়ে মসজিদ কমিটির বাড়াবাড়ি করা ঠিক হয়নি। একঘরে করা অন্যায় হয়েছে।’ মানবাধিকার কমিশন নাটোর জেলা শাখার সভাপতি মাহফুজুল আলম জানান, একঘরে করে রাখার সিদ্ধান্তে ওই পরিবারের সদস্যদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে। মসজিদ কমিটি তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে না নিলে ওই পরিবারকে আইনি পদক্ষেপ নিতে সহযোগিতা করা হবে।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত পদক্ষেপ নেব।’