জমি নিয়ে বিরোধ গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গাজীপুর সদর উপজেলার আমুনা এলাকায় গতকাল শুক্রবার এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত ব্যক্তি হলেন মো. আলমগীর হোসেন (২৭)। তিনি গাজীপুর সদর উপজেলার কুন্দিয়া এলাকার মৃত লেহাজ উদ্দিনের ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কুন্দিয়া গ্রামের আলমগীরের সঙ্গে একই এলাকার মোকলেছুর রহমানের ছেলে আবু তাহের ও আওলাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে ওই জমির সীমানা পরিমাপ করতে গেলে তা নিয়ে উভয়ের মধ্যে বাগিবতণ্ডার সৃষ্টি হয় এবং পরিমাপের কাজ বন্ধ থাকে। সন্ধ্যার দিকে আবু তাহের ও আওলাদ মুঠোফোনে আমুনা এলাকার একটি নির্জন স্থানে আলমগীরকে ডেকে আনে। পরে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীরের বুকে, গলায় ও ঊরুতে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশী মো. ইলিয়াছ জানান, ওই জমি নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। গতকাল তাঁকে মুঠোফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা ও আসামিদের গ্রেপ্তার করা হবে।