জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সাবরাং করাচিপাড়া এলাকায় জমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরির আঘাতে সনজিদা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

সানজিদা উপজেলার সাবরাং ইউনিয়নে হারিয়াখালী এলাকার অলি আহমদের মেয়ে। তিনি করাচিপাড়ার বাসিন্দা জালাল আহমদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে সনজিদা বেগম স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে যান। রাতে তাঁর ছোট ভাই মোহাম্মদ শফিক বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বাহির হলে বাড়ির সামনে গতিরোধ করে একই এলাকার বাসিন্দা নাজির হোসেন, তাঁর ছেলে নুর হোসেন, আব্দুল মালেক। ওই সময় কথাকাটির পর একপর্যাযে তাঁরা শফিককে ধরে মারধর করলে তাঁর চিত্কার শুনে দুই বোন সনজিদা বেগম ও রশিদা বেগম এগিয়ে যান। এ সময় তাঁদের একজনের ছুরির আঘাতে সনজিদা ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) দিদারুল ফেরদৌসের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে মরহদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় আহত মোহাম্মদ শফিক ও রশিদা বেগমকে চিকিত্সার জন্য টেকনাফ হাসপাতালে পাঠায় পুলিশ।

স্থানীয় লোকজন জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দু পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মাস পাঁচেক আগে অভিযুক্ত ব্যক্তিরা শফিকের উপর হামলা করেছিল। কিন্তু সে ঘটনায় শফিক সৌভাগ্যক্রমে বেঁচে যায়। এ নিয়ে এলাকায় শালিস বৈঠকও হয়েছিল।

নিহত ব্যক্তির ছোট বোন রশিদা বেগম জানান, এ ঘটনাটি হামলাকারীদের পরিকল্পিত। বাবার বাড়ির কিছু জমির সীমানা নিয়ে অভিযুক্ত নাজির হোসেন, নুর হোসেন, আব্দুল মালেক ও আব্দুল করিমের বিরোধ চলছিল। জমিটির কিছু অংশ বড় বোন সনজিদাকে বিক্রয়ের ব্যাপার কথা হয়। এরই সূত্র ধরে অভিযুক্ত ব্যক্তিরা তাঁকে (সনজিদা) হত্যা করেছে।

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত্ কুমার বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সনজিদার মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী জালাল আহমদ বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে।