জমি নিয়ে বিরোধ দুই পক্ষের প্রাণ গেল কলেজশিক্ষার্থীর
জমি নিয়ে দুই পক্ষের পুরোনো বিরোধ কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান ওরফে শুভ (১৬)। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা শহরের ধর্মসাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছে পাঁচজন। প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও পুলিশের ভাষ্যমতে, কুমিল্লা শহরের ধর্মসাগরপাড় এলাকায় মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি জমি বরাদ্দ নেন বাহাউদ্দিন রেজা বীর প্রতীক ও মুক্তিযোদ্ধা শহীদুল হক সেলিম। জমি পাশাপাশি হওয়ায় সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বাহাউদ্দিন রেজা তাঁর জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে শহীদুল হক সেলিমের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে বাহাউদ্দিন রেজার পায়ে কোপ দেয় প্রতিপক্ষের লোকজন। এ সময় ক্ষিপ্ত হয়ে বাহাউদ্দিন রেজা তাঁর পিস্তল থেকে গুলি করেন। এতে গুলিবিদ্ধ হয় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র হাবিবুর রহমান। শহীদুল হকের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব থাকায় সে সেখানে উপস্থিত ছিল।নিহত হাবিবুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কনেশতলায়। তার বাবার নাম নজির আহমেদ ও মায়ের নাম নাজমা আক্তার। তার বাবা ও বড় ভাই সৌদি আরবপ্রবাসী। কুমিল্লা শহরের মুরাদপুর চৌমুহনী এলাকায় ভাড়া থাকে তারা। সংঘর্ষের পর আহত অবস্থায় হাবিবুর রহমানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়ার পথে বিকেল চারটার দিকে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায় মারা যায় সে। গতকাল রাত ১০টার দিকে জানাজা শেষে হাবিবুর রহমানের মরদেহ গ্রামের বাড়ি কনেশতলার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় হাবিবুর রহমানের মা নাজমা আক্তার কোতোয়ালি থানায় বাহাউদ্দিন রেজাকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেছেন। সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে শহীদুল হক সেলিম বলেন, ‘বাহাউদ্দিন রেজার গুলিতেই হাবিব মারা গেছে। হাবিবের সঙ্গে আমাদের দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক রয়েছে।’ এ ব্যাপারে বাহাউদ্দিন রেজা বলেন, ‘আত্মরক্ষার জন্য আমি গুলি করেছি।’দুই মুক্তিযোদ্ধার বিরোধের বিষয়ে কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বাবুল বলেন, ‘নিরপেক্ষ তদন্ত করে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছি।’ কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘বাহাউদ্দিন রেজার লাইসেন্স করা পিস্তল দিয়েই গুলি করা হয়েছে কি না, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।’