জমি নিয়ে বিরোধ দুই পক্ষের সংঘর্ষে আহত ৪০
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রামে গত বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গ্রামের সমশের বিশ্বাস ও মো. আলমের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে বিরোধপূর্ণ জমির আইল কাটা নিয়ে সমশেরের সমর্থক আফসার ও আলমের সমর্থক ওহিদুলের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরই সূত্র ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের ৪০ জন আহত হন। এ সময় উভয় পক্ষের চারটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সুমন বালা বলেন, আহত ২৫ জনকে এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরও ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় সমশের বিশ্বাস বাদী হয়ে গতকাল শুক্রবার ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাত-আটজনকে আসামি করে একটি মামলা করেছেন।