জমি নিয়ে বিরোধ দুপচাঁচিয়ায় চাচার হাতে ভাতিজা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে চাচার ছুরিকাঘাতে ভাতিজা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরেক ভাতিজা গুরুতর আহত হন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ডাকাহার গ্রামে গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত ভাতিজার নাম আবদুল আজিজ (৪০)। তিনি ডাকাহার দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষক এবং সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় আহত তাঁর ছোট ভাই আবদুল হান্নান (২৮) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘নিহত আবদুল আজিজের বাবা আলেফ উদ্দিন সাতজনকে আসামি করে গত বৃহস্পতিবারই হত্যা মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।’