জমি নিয়ে বিরোধ ভাইয়ের হাতে ভাই খুন
পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের শুড়িভিটা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটে। সাতজনকে আসামি করে পঞ্চগড় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, সদর উপজেলার শুড়িভিটা গ্রামের মৃত খয়ের উদ্দীনের ছেলে আবদুল মতিন ও আবদুল রহমানের মধ্যে ৬৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বৃহস্পতিবার আবদুল মতিনের ছোট ভাই জহিরউদ্দিন বিরোধপূর্ণ জমিতে হালচাষ করছিলেন। এ সময় জমির অপর মালিকানা দাবিদার মতিনের ভাই আবদুর রহমান, তাঁর ছেলে আমিরুল ইসলাম, আনিসুর, আরজু, আনোয়ারা, জাফিরুল ইসলাম, আনজুয়ারাসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জহিরউদ্দিনকে হালচাষে বাধা দেয়। এ সময় জহিরউদ্দিনের স্ত্রী জোহরা, মুক্তা, সুলতানা, মোমেনা এগিয়ে এলে আবদুর রহমানের লোকজন তাঁদের মারধর শুরু করে। খবর পেয়ে আবদুল মতিন ঘটনাস্থলে এলে আসামিরা নারীদের ছেড়ে দিয়ে আবদুল মতিনকে মারধর করতে থাকে। একপর্যায়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পঞ্চগড় থানার পুলিশ আবদুল মতিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ বিকেলে লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।