জমি নিয়ে বিরোধ, মামা ও ভাগনিকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমিসংক্রান্ত বিরোধের জের ধরে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক ভাগনি ও তার মামাকে বেদম মারধর করেছেন রাঙামাটির এক গ্রামের প্রধান (কার্বারি) ও তাঁর সাঙ্গপাঙ্গরা। দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদাম মৌজার মুরোঘোনা গ্রামে। গ্রামপ্রধান অমর শান্তি চাকমা মারধর করার কথা স্বীকার করেছেন।
গ্রামপ্রধানের শিশু নির্যাতনের নিন্দা জানিয়ে উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের রাঙামাটি জেলা সমন্বয়কারী সুস্মিতা চাকমা দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আহত শিশু (১৪), তার মামা প্রদীপ চাকমাসহ (২৭) স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার শিশুটি পরীক্ষা শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল। এ সময় কয়েকজন যুবক তাকে ধরে কার্বারির বাড়িতে নিয়ে যায়। এরপর শিশুটির মামা প্রদীপ চাকমাকে বাড়ি থেকে ধরে কার্বারির বাড়িতে নিয়ে যাওয়া হয়। এ সময় মামা-ভাগনির অবৈধ সম্পর্কের কথা বলে দুজনকে বেদম মারধর করা হয়। একপর্যায়ে দুজনেই অজ্ঞান হয়ে পড়ে।
শিশুটির বাবা বলেন, ‘আমার মেয়েকে অজ্ঞান অবস্থায় বাড়িতে দিয়ে যাওয়ার পর কার্বারির লোকেরা হাসপাতালে নিয়ে যেতে নিষেধ করে দেয়। তবে মেয়েটি বারবার মূর্ছা যাওয়ায় গত বৃহস্পতিবার কার্বারির নির্দেশ অমান্য করে হাসপাতালে এনেছি।’ অপর দিকে ঘটনার পর (মঙ্গলবার) রাতে প্রদীপ চাকমাকে অজ্ঞান অবস্থায় স্থানীয় লোকজন রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ন্যুয়েন খীসা বলেন, ‘আহতরা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে মানসিক আঘাতের কারণে তাদের আচরণে কিছুটা অস্বাভাবিকতা লক্ষ করা যাচ্ছে।’
রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুজিত দেওয়ান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কার্বারি অমর শান্তি চাকমা কাজটি করেছেন।
স্থানীয় ব্যক্তিরা জানান, অমর শান্তি চাকমার (কার্বারি) সঙ্গে শিশুটির বাবার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। পরে রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার সেই বিরোধ মীমাংসায় সালিসের মাধ্যমে শিশুটির বাবার পক্ষে রায় দেন। সেই সালিসের জের ধরে কার্বারি এ অমানবিক ঘটনা ঘটিয়েছেন।
কার্বারি অমর শান্তি চাকমা বলেন, ‘আমি তাদের মারিনি। তবে যেহেতু আমার বাড়িতে তাদের মারা হয়েছে, সে কারণে সব দোষ আমার। তাদের এমন অবস্থা হবে জানলে আমি মারতে নিষেধ করতাম।’
রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল ইমতিয়াজ বলেন, ‘এ ব্যাপারে আমার কাছে কেউ অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’