জমি নিয়ে বিরোধ শিক্ষককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের বাসাইলে ইয়াসিন আলী (৭০) নামের একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। গতকাল সোমবার সকালে উপজেলার সুন্না গ্রামে এ ঘটনা ঘটে।ইয়াছিন আলী বাসাইল সুন্না আব্বাসিয়া উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষক। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইয়াসিন আলীর বড় ভাই নুরুল ইসলাম অভিযোগ করেন, গতকাল সকাল আটটার দিকে বাড়ির পাশে গাছে পানি দিতে গেলে প্রতিবেশী মাইন উদ্দিন, তাঁর স্ত্রী মিনি বেগম, চৌকিদার হাবিলা ও আইন উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগমসহ ছয়-সাতজন লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা করেন। একপর্যায়ে তাঁদের লাঠির আঘাতে ইয়াসিন আলী ঘটনাস্থলেই নিহত হন। হামলাকারীদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল বলেও জানান নুরুল।বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে মাইন উদ্দিন ও মিনি বেগম নামের দুজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।