জমি নিয়ে বিরোধ শিবালয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এঁদের মধ্যে গুরুতর আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে তেওতা ইউনিয়নের ত্রিশণ্ডী চরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রিশণ্ডী চরের ছয় বিঘা খাসজমি নিয়ে ছানোয়ার মোল্লার সঙ্গে ইউসুফ আলী শেখের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুই পক্ষকে থানায় ডেকে নেন। তিনি উভয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে চাষাবাদ করার নির্দেশ দেন। ওই জমিতে উভয় পক্ষ মাষকলাই চাষ করেন। শুক্রবার সকালে ইউসুফের লোকজন অর্ধেক জমির মাষকলাই কেটে নিয়ে যায়। দুপুর একটার দিকে ছানোয়ারের লোকজন বাকি অর্ধেক জমির মাষকলাই কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রামদা, ছুরি, টেঁটা, বল্লমসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এক পক্ষ অন্য পক্ষের ওপর হামলা চালায়।