জমি নিয়ে বিরোধ সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের হেমেরকুঠি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে লুৎফর রহমান (৩৫) নামের একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহত লুৎফর রহমান হেমেরকুঠি গ্রামের ছম্বিল আলীর ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হলোখানা ইউনিয়নের হেমেরকুঠি গ্রামের ছয়ফুল আলীর সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষক ছম্বিল আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই জমি নিয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কাছে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের হামলায় ছম্বিল আলীর ছেলে লুৎফর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুল গাফ্ফার (৩০) এবং হাসানসহ (১৬) ছয়জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর অবস্থায় লুৎফর রহমান, আবদুল গাফ্ফার ও হাসানকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা দুইটার দিকে লুৎফর রহমান মারা যান। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নজরুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে লুৎফরের মৃত্যু হয়েছে।কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম জানান, এ ঘটনায় পুলিশ লুৎফর রহমান ও আবুল হোসেন নামের দুজনকে আটক করেছে।