জমি নিয়ে বিরোধ, ১৭৫টি গাছ হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তির ১৭৫টি মেহগনি ও কলাগাছের চারা কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সোমবার সকালে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ছবুল্লা মাতুব্বর ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গ্রামের জসীম মোল্লা তাঁর বাড়িসংলগ্ন ২৬ শতাংশ জমিতে ১৩৫টি মেহগনি ও ৪০টি কলাগাছের চারা রোপণ করেন।
জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন জসীম মোল্লা।
তিনি অভিযোগ করেন, গতকাল সকাল ১০টার দিকে গ্রামের মেছের হাওলাদার, মোতাহার মোল্লাসহ ২০-২৫ জন লোক এ কাজ করেছে।
মোতাহার মোল্লা ওই বাগান নিয়ে দুই বছর ধরে বিরোধ চলে আসার কথা স্বীকার করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘সোমবার সকালে কারা বাগানের গাছগুলো কেটে ফেলেছে তা আমার জানা নেই।’